চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় বৃদ্ধ দম্পতিকে হত্যার দায়ে তিনজনের ফাসিঁর আদেশ ও একজনের দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
(২ এপ্রিল) মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদ আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
উল্লেখ্য যে গত, ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর রাতে আলমডাঙ্গা শহরের পুরাতন বাজারে বসতবাড়িতে ঢুকে একদল সন্ত্রাসী ব্যবসায়ী নজির মিয়া (৭০) ও তাঁর স্ত্রী ফরিদা খাতুনকে (৬০) গলাকাটা ছাড়াও শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে।এ ঘটনায় নিহত দম্পতির মেয়ে ডালিয়া পারভীন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ৩১ জানুয়ারি ২০২৩ সালে চারজন আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শিহাব উদ্দিন।মামলার আসামিরা হলেন– আলমডাঙ্গা থানার কালিদাসপুর ইউনিয়নে আসাননগর গ্রামের বজলুর রহমানের ছেলে সাহাবুল হক,মোঃ পিন্টু রহমানের ছেলে, রাজিব হোসেন,মোঃ মাসুদ আলীর ছেলে বিদ্যুত ও মোঃ তাহাজ উদ্দিনের ছেলে শাকিল হোসেন।
মামলায় মোট ১৯ জন সাক্ষীকে পরীক্ষা করে আদালতের বিচারক আসামি সাহাবুল হক, রাজিব হোসেন ও বিদ্যুত আলীকে মৃত্যুদণ্ড এবং আসামি শাকিল হোসেনকে দুই বছর কারাদণ্ড প্রদান করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম