চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খাদ্য গুদামের দুই কর্মকর্তা নিহত হয়েছেন।
রোববার (৩০ জুলাই) সন্ধ্যা ৬ টার সময় আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের পূর্বপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেহেরপুর পৌর এলাকার বাসস্ট্যান্ড পাড়ার ইউনুস আলী শেখের ছেলে নজরুল ইসলাম (৫৮) ও মেহেরপুর সদর উপজেলার গোভিপুর বুড়িপোতা গ্রামের আনসার আলীর ছেলে সাইদুর রহমান (৩৫)। নিহত নজরুল ইসলাম চুয়াডাঙ্গা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন ও নিহত সাইদুর রহমান চুয়াডাঙ্গা খাদ্য গুদামের সরকারি উপ-খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এসময় দ্রুতগতি সম্পন্ন মাইক্রোবাসটির একটি চাকা পাংচার হলে তা নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম