চুয়াডাঙ্গায় রেললাইনে থাকা ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নুরজাহান বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ৫-৭টি ছাগল কাটা পড়ে মারা গেছে।
বুধবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে দর্শনা আকন্দবাড়িয়ার ফার্মপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দর্শনা হল্ট স্টেশন জিআরপি ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নুরজাহান বেগম দর্শনা আকন্দবাড়িয়ার ফার্মপাড়ার আবুল কালামের স্ত্রী। এসআই আতাউর রহমান জানান, সকালে নুরজাহান বেগমের কিছু ছাগল তার বাড়ির পাশের রেললাইনের ওপর উঠে পড়ে। এসময় খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। এসময় ছাগলগুলোকে বাঁচাতে গিয়ে তিনিসহ আরও ৫/৭টি ছাগল কাঁটা পড়ে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম