খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার জিলের ডাঙ্গা- কৈয়া বাজার এলাকা হতে পাঁচ হাজার কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছসহ ১৮ জন আটক করা হয়েছে । জব্দ করা হয়েছে দু'টি ট্রাক ও একটি পিকআপ।
বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব-৬, খুলনা এর একটি টিমের অভিযানে এ উদ্ধার এবং আটকের ঘটনা ঘটেছে। অভিযানে জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা সহযোগিতা করেন।
র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির লেফটেনেন্ট কমান্ডার মোহাম্মদ সরোয়ার হুসাইন বলেন, সাতক্ষীরা হতে খুলনার বিভিন্ন হিমায়িত চিংড়ি রপ্তানি কোম্পানির উদ্দেশ্যে অপদ্রব্য পুশ করা বাগদা চিংড়ির চালান আসা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে ডুমরিয়ার কৈয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। তখন পাঁচ হাজার কেজি চিংড়ি বহন করা দু’টি ট্রাক ও একটি পিকআপ আটক করা হয়। এরপর ওই চিংড়িতে অপদ্রব্য পুশ করার প্রমাণ মেলে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে আটক হওয়া ১৮ জনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার প্রস্তুতি চলছিল। জব্দকৃত অপদ্রব্য পুশ করা চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হবে বলে জানা গেছে।