শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

যারা এসব করছে আল্লাহ তাদের ঈমান দিন: ইবি ভিসি


আর আই রাজিব: ইবি
DhakaReport24.com || 2023-06-15 17:40:30
যারা এসব করছে আল্লাহ তাদের ঈমান দিন: ইবি ভিসি

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসির 'কণ্ঠসদৃশ' একাধিক অডিও রেকর্ড ফাঁস হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ১৪টি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওগুলোতে নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিষয়, আর্থিক লেনদেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের নিয়ে নেতিবাচক কথা উঠে এসেছে। তবে অডিওগুলোতে অন্য প্রান্তের কথা শোনা যায়নি।

ক্যাম্পাস সূত্রে, সর্বশেষ ১৩ জুন ‘দরবেশ সালাম’ নামের ফেসবুক আইডি থেকে ২ মিনিট ২৩ সেকেন্ডের একটি অডিও ক্লিপ ফাঁস হয়। অডিওতে ড্রাইভার নিয়োগের বিষয়ে নজরুল নামের এক ব্যক্তির সাথে কথা বলতে শোনা যায়। এর আগে ১১ জুন একই আইডি থেকে ফাঁস হওয়া অডিওতে ভিসিকে জুবায়ের নামের একজন চাকরিপ্রার্থীর বিষয়ে কারো সাথে কথা বলতে শোনা যায়। সেখানে ওই চাকরিপ্রার্থীকে আবেদন করার পর ভিসির সাথে দেখা করার কথাও উঠে আসে।

এর আগে, ১০ জুন ‘রক সালাম’ নামের আইডি থেকে ফাঁস হওয়া দুইটি অডিওতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়োগের বিষয়ে কথা বলতে শোনা যায়। এছাড়া ৯ জুন একই আইডি থেকে ফাঁস হওয়া অডিওতে ফাইন আর্টস ও মার্কেটিং বিভাগের নিয়োগের বিষয়ে কথাবার্তা শোনা যায়। অডিওতে অন্য প্রান্তের ব্যক্তিকে ভিসি বলেন, 'সোজা কথা, আমি আপনার ক্লিয়ারেন্স ছাড়া কাউকে নিয়োগ দেব না।
এদিকে গত ২০ ফেব্রুয়ারি গোপন ডিভাইসের খোঁজে ভিসির কার্যালয়ে ও বাসভবনে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়াও গত ১৯ ও ২২ ফেব্রুয়ারি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে মোট পাঁচটি নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করে কর্তৃপক্ষ। এছাড়া গত ২৩ ফেব্রুয়ারি ভিসির একান্ত সচিব আইয়ূব আলীকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে অডিও ফাঁসের ঘটনায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম। প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসিসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য আহ্বান করেন তারা।

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, বারবার অডিও ফাঁস হচ্ছে। এসব অডিও ফাঁসের ফলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এগুলার একটা সমাধান আসা উচিত। আমরা ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে সরকারের ও শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে জানিয়েছি। কিন্তু এখনো দৃশ্যমান পদক্ষেপ দেখিনি।

অডিও ফাঁসের বিষয়ে ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম সাংবাদিকদের বলেন, ‘আমি এসব আমলে নেই না। এগুলো আমার রুচিতে বাঁধে। যারা এসব করছে আল্লাহ তাদের ঈমান দিন৷’

এদিকে, একের পর এক অডিও ভাইরালের মাঝেও নিয়োগ সংক্রান্ত বোর্ড চলমান রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার (১২ জুন) নিয়োগ বোর্ড চালু হয়। সোম ও মঙ্গলবার চারটি প্রশাসনিক পদের নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়। ১২ জুন অনুষ্ঠিত উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে লিখিত পরীক্ষায় তিনটি পদের বিপরীতে ১৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়াও একজন সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের বিপরীতে ৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম