ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয় নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
জাতীয় সঙ্গীত পরিবেশন ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভার পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আসন গ্রহণের পর অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ ড. আলমগীর হোসেন ভূঁইয়া। নবীনবরনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাহবুবা নাসরীন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ আবদুস সালাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবুজে ঘেরা, পাখির কলতানে মুখরিত এই অঙ্গনে তোমাদেরকে স্বাগত ও শুভেচ্ছা জানাই । আজ থেকে তোমাদের কমিটমেন্ট হোক, স্বপ্নকে তোমরা ভাঙ্গবে না। পিতামাতা এবং শিক্ষকদেরকে অতিক্রম করে তোমরা এমন জায়গায় যাও যেনো আমরা দেখতে পাই তোমরা উজ্জ্বল তারা হয়ে জ্বলছো।
নবীনবরন অনুষ্ঠানের বক্তা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাহবুবা নাসরীন বলেন, শিক্ষার জন্য দরকার উপযুক্ত পরিবেশ ও উপযুক্ত শিক্ষক। এ দুটোই ইসলামী বিশ্ববিদ্যালয়ে রয়েছে। তিনি বলেন, শুধু প্রথম হওয়া নয়, বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে তোমাদেরকে মেধাবী, সৃজনশীল ও মানবিক মানুষ হতে হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম