পাবনার ফরিদপুর উপজেলার একটি চালকলে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে শিশুসহ দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর উপজেলার কাশিপুর গ্রামে জাহাঙ্গীরের ধানের চাতালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জারের ছেলে চালকলটির মালিক জাহাঙ্গীর আলম (৩৭) ও চাতালের শ্রমিক গোপাল নগর গ্রামের পাখি খাতুনের ছেলে তারেক হোসেন (৫)।
এসময় শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন চাতালের মালিক জাহাঙ্গীর আলম। মায়ের সঙ্গে চাতালে আসা তারেক হোসেনের গায়ে বিস্ফোরিত বয়লারের টুকরা পড়লে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় শিশুটিকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, কাশিপুর গ্রামের জাহাঙ্গীরের ধানের চাতালে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণ হয়। তিনি আরও বলেন, খবর পেয়ে আমি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম