পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পাবনা সুজানগরে শ্যামগঞ্জ হাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদের দিন যত ঘনিয়ে আসছে সুজানগর উপজেলার হাট বাজারে ততবেশি কোরবানির পশু আমদানি হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর নির্দিষ্ট দু’টি পশুর হাট ছাড়াও আরো দু’টি হাট-বাজারসহ মোট চারটি স্থানে কোরবানির পশুর হাট বসানো হয়েছে।
হাট বাজার গুলো হলো শ্যামগঞ্জ হাট, রাইপুর হাট, মানিকহাট পশুর হাট ও সাতবাড়ীয়া বাজার পশুর হাট। এ ছাড়া পার্শ্ববর্তী তারাবাড়ীয়া বাজারেও কোরবানির পশুর হাট বসছে। ঈদের এখনও বেশ কয়েকদিন বাকি থাকলেও ওই সকল হাট-বাজারে প্রচুর পরিমাণে গরু-ছাগল ও মহিষ উঠছে।
সরজমিনে কয়েকজন গরু খামাররির সঙ্গে আলাপকালে তারা বলেন, আশপাশে পানি ওঠায় গরু রাখা হয়ে পড়েছে গলার কাটা। তারপর গো-খাদ্যের দাম বৃদ্ধিসহ সংকট দেখা দেওয়ায় গরু বিক্রি না করে বাড়িতে রাখা কঠিন হয়ে পড়েছে।
শ্যামগঞ্জ হাটে গরু বিক্রেতা রফিক রফিক মোল্লা বলেন, করোনা, বৃষ্টি বন্যা পিছু ছাড়ছে না। তার ওপর গো খাদ্যের দাম বৃদ্ধির কারণে গরু পালন করা দায় হয়ে গেছে। ক্রেতা নেই বলে গরু বিক্রি করতে পারছি না। দিন যত এগুচ্ছে চিন্তা বেড়ে যাচ্ছে।
শ্যামগঞ্জ হাটের ইজারাদার বলেন, এবার হাট জমবে বলে মনে হচ্ছে না। আশপাশের প্রচুর গরু আমদানি হচ্ছে। কিন্তু বিক্রি নেই। ফলে এবার হাট নিয়ে কাঙ্খিত লাভ থাক, আর্থিক ক্ষতি দেখছি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম