মহামারি করোনার ধকল কাটিয়ে দীর্ঘ দুই বছরে পরে ঈদগাঁ ময়দানে ঈদের জামাত আদায়ের জন্য প্রস্তুত ছিল পাবনা শহরের ঈদগাঁগুলো। মুসল্লিদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা। তবে আবহাওয়ার প্রতিকূলতার কারণে ঈদগাঁতে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়া সম্ভব হয়নি।
পাবনায় ঈদের দিন সকাল থেকেই বৃষ্টির সাথে শুরু হয় দমকা হাওয়া। এতে ঈদগাঁ ময়দানে ঈদ উল-ফিতরের নামাজ পড়া সম্ভব হয়নি।
শহরের প্রধান ঈদগাঁ ময়দানে নামাজ পড়তে আসা শাকুর আলী নামের এক মুসুল্লি বলেন, আশা করেছিলাম দুই বছর পর আমরা ঈদের নামাজ ঈদগাঁ ময়দানে এক সাথে আদায় করতে পারবো। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় গ্রামের সবাই একসাথে নামাজ আদায় করতে পারলাম না।
স্থানীয় জুয়েল, রতন, ফারুক বলেন, আমরা সকল প্রস্তুতি নিয়েছিলাম ঈদগাঁ ময়দানে নামাজ পড়ার জন্য। কিন্তু সকাল থেকে বৃষ্টি হওয়ায় ঈদের মাঠে যেতে পারলাম না।
ঢাকা থেকে গ্রামে ঈদ করতে আসা ইসমাইল, মামুন, সাগর, মারুফ বলেন, ঈদের নামাজ সবাই একসাথে পড়তে পারলে গ্রামের সকল শ্রেনীর মানুষের সাথে দেখা হয় একে অপরের খোঁজ খবর নিতে পারি। কিন্তু দুঃখের বিষয় টানা ৩ বছর আমরা ঈদের নামাজ ঈদগাঁ ময়দানে পড়তে না পেরে খুব খারাপ লাগছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম