মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

এবার অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো


DhakaReport24.com || 2026-08-17
এবার অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো

এবার অবসরের বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি জানিয়েছেন চলতি মৌসুমই হতে পারে তার ফুটবল ক্যারিয়ারের শেষ বছর।

আল নাসরের সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। এর আগে বেশ কয়েকবার অবসর নিয়ে কথা বললেও নির্দিষ্ট সময়সীমা জানাননি তিনি।

তবে রোববার (১৬ আগস্ট) প্রকাশিত ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর। আমি একটি দুর্দান্ত উত্তরাধিকার রেখে যেতে চাই।

এর আগে গত বছরের নভেম্বরে রোনালদো জানিয়েছিলেন, আরও এক বা দুই বছর খেলা চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন তিনি। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ বিশ্বকাপ বলেও নিশ্চিত করেছিলেন। তবে বিশ্বকাপে স্পেনের কাছে হেরে বিদায় নেওয়ার পরও ঠিক কবে ফুটবলকে বিদায় বলবেন, তা স্পষ্ট করেননি।

এবার অবশ্য অবসরের পরের জীবন নিয়েও পরিকল্পনা শুরু করে দিয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা। ফুটবল ছাড়ার পর পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান তিনি।

ভোগকে রোনালদো বলেন, আমার ভবিষ্যৎ নিয়ে সবকিছুই পরিকল্পনা করা আছে। আমাকে ব্যস্ত রাখার মতো অনেক কিছুই আছে। তাই একটি বিষয় বেছে নেওয়া কঠিন।

ফুটবল ছেড়ে সময় কীভাবে কাটাবেন সে বিষয়ে তিনি বলেন, ফুটবল ছেড়ে দিলে জীবনে একটা বড় শূন্যতা তৈরি হতে পারে। তাই শুধু একটি নয়, বিভিন্নভাবে নিজের সময় পূরণ করতে হবে। আরও আনন্দ করতে চাই, বেশি ভ্রমণ করতে চাই, প্যাডেল খেলতে ও দেখতে চাই, যেটা আমার খুব পছন্দ। আর যা অর্জন করেছি, আমরা যা অর্জন করেছি- সেগুলো উপভোগ করতে চাই কারণ শেষ পর্যন্ত এটি ২৫ বছরের ত্যাগের ফল।

এদিকে কয়েক দিন আগেই রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর কতদিন আর ফুটবল খেলবেন, তা নিয়ে নিশ্চিত নন বলে জানিয়েছিলেন আর্জেন্টাইন তারকা।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর পেশাদার ক্যারিয়ার শুরু স্পোর্টিং সিপিতে। এরপর খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে। ২০২৩ সালের জানুয়ারি থেকে তিনি আল নাসরের হয়ে খেলছেন।

রিয়াল মাদ্রিদে কাটানো ৯ বছরই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।

২০২৬ বিশ্বকাপেও পর্তুগালের হয়ে তিনটি গোল করেছেন রোনালদো। তবে শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম