রিয়াল মাদ্রিদ এবং পিএসজি ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আগেও অনেক গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই জার্মান সংবাদমাধ্যম বিল্ডের এক খবর নতুন করে আলোড়ন তুলেছে ফুটবলবিশ্বে। তাদের দাবি, এরই মধ্যে রিয়ালের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে এমবাপ্পে।
জার্মান ফুটবলের জন্য ‘বিল্ড’বেশ নির্ভরযোগ্য সূত্র। কিন্তু ফ্রেঞ্চ ফুটবলের খবরের জন্য বিল্ডের দেওয়া খবরকে একদম নিশ্চিত বলার উপায় নেই। তবু খবরটির ব্যাপক মাত্রা সাড়া ফেলেছে।
এমবাপ্পেকে এ মৌসুমেই দলে টানতে চেয়েছিল রিয়াল। কিন্তু পিএসজি কোনোভাবেই নিজ দেশের সেরা খেলোয়াড়কে ছাড়তে রাজি হয়নি। তবে এর ফলে এ জানুয়ারিতেই যেকোনো দলের সঙ্গে এমবাপ্পের চুক্তি করার পথ খুলে গিয়েছিল।
রিয়াল ও এমবাপ্পে—দুই পক্ষই বলেছে, অন্তত মার্চের আগে এ ব্যাপারে তারা এগোবে না। কিন্তু আজ বিল্ড জানিয়েছে, এমবাপ্পেকে সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড় বানিয়ে দলে টানছে রিয়াল।
জার্মান পত্রিকা বলছে, ২৩ বছর বয়সী মৌসুম শেষে রিয়ালে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে নাকি চুক্তির খুঁটিনাটিও ঠিক হয়ে গেছে। এ মৌসুমে পিএসজির জার্সিতে ১৯ গোল ও ১৫ গোল বানিয়ে দেওয়া এমবাপ্পেকে মৌসুমে ৫ কোটি ইউরো বেতন দেবে রিয়াল। সে ক্ষেত্রে পিএসজির বাকি দুই তারকা নেইমার ও মেসির চেয়ে বেশি বেতন পাবেন এমবাপ্পে।
ইউরোপিয়ান মঞ্চে ১৩টি শিরোপা রয়েছে তাদের, যে অর্জন অন্য কোনো ক্লাবের নেই। তাই এমবাপ্পে সেখানে গেলে তার ব্যক্তিগত অর্জনের খাতাটাও আরও বড় হওয়ার সম্ভাবনা আছে। ইব্রাহিমোভিচও হয়তো এমন কিছু চিন্তা করেই কিলিয়ানকে রিয়ালে যাওয়ার কথা বলেছিলেন।