রমিজ রাজার পর নতুন পূর্ণকালীন চেয়ারম্যান পেল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছেন পাঞ্জাব রাজ্যের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। আজ পিসিবির গভর্নিং বডি বিনা প্রতিদ্বন্দ্বীতায় তাকে নির্বাচিত করেছেন। পিসিবির ৩৭তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নাকভি।
২০২২ সালের ডিসেম্বরে রমিজ রাজাকে অপসারণের পর থেকেই অন্তর্বর্তীকালীন সভাপতি দিয়ে চলে আসছিল কাজ। এ সময় বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেন নাজাম শেঠি ও জাকা আশরাফ। গত ১৯ জানুয়ারি পদত্যাগ করেন আশরাফ। এরপর অন্তর্বর্তীকালীন পিসিবি চেয়ারম্যান শাহ খাওয়ার পিসিবি বোর্ড প্রধানের নির্বাচনের জন্য বোর্ড অফ গভর্নরস (বিওজি) এর সভায় সভাপতিত্ব করেন।
এদিকে নতুন দায়িত্ব পেয়ে পিসিবি সভাপতি নাকভি বলেন, ‘আমাকে সভাপতি করায় আমি সম্মানিত এবং কৃতজ্ঞ। আমার প্রতি আস্থা ও বিশ্বাস রাখায় আমি সকলকে ধন্যবাদ দিতে চাই। আমি পাকিস্তানের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে ও বোর্ডে পেশাদারিত্ব ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবন্ধ।’
মহসিন একজন মিডিয়া মোগল হিসেবে পরিচিত। এক সময় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এ কাজ করতেন তিনি। বর্তমানে এই ৪৫ বছর বয়সী পাকিস্তান টোয়েন্টিফোর নিউজ নামে একটি টিভি চ্যানেলের মালিক।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম