পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডের অবস্থান করছে পাকিস্তান দল। সিরিজের প্রথম ম্যাচে লড়াই করেই হেরেছে পাকিস্তান। এই ম্যাচের মধ্য দিয়ে পাকিস্তানের টি-টোয়েন্টি জার্সিতে অভিষেক হয় উসামা মীরের। ম্যাচে হতাশাজনক বোলিং পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়েছেন উসামা।
অভিষেক টি-টোয়েন্টিতে ৪ ওভার বোলিং করে ৫১ রান খরচ করেন উসামা। এমন পারফরম্যান্সে সমালোচনা হবে এটাই স্বাভাবিক। তবে সেসব ছাপিয়ে উসামার হয়ে জবাব দিলেন শাদাব, ‘উসামার অভিষেক ম্যাচ ছিল। বিভিন্ন টি-টোয়েন্টি লিগে ধারাবাহিক পারফরম্যান্সের পরেই সে পাকিস্তান দলে এসেছে। শুধুমাত্র একটি ম্যাচের পর যদি সমালোচনা করা হয় এবং সেটিও স্পিনারদের জন্য চ্যালেঞ্জিং মাঠে। এটা মোটেও প্রত্যাশিত না। উসামা প্রতিভাবান, আগামীর জন্য শুভকামনা।’
হাঁটুর চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে নেই শাদাব খান। এছাড়া ইনজুরির কারণে আরেক স্পিনার আবরার আহমেদ ছিটকে যাওয়ায় পাকিস্তানের স্পিন বিভাগের গুরুদায়িত্ব উসামার কাঁধেই। কঠিন সময়ে তাই উসামার পাশে দাঁড়ালেন শাদাব।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষে আগামীকাল দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। তাই বল হাতে সমালোচনার জবাব দেওয়ার সুযোগ থাকছে উসামার। সবধরনের টি-টোয়েন্টিতে ১০২ ম্যাচে ১০৩ উইকেট শিকার করেছেন উসামা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম