বিশ্বকাপে পরাজয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। এবারের আসরে গতকাল নিজেদের ষষ্ঠ পরাজয়ের স্বাদ নিতে হয়েছে পাকিস্তানের বিপক্ষে। এমন হারের কারণে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়া। ম্যাচের পর ম্যাচ এমন হারের কারণ ভাগ্যের সাহায্য না পাওয়া বলেই মনে করেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এমন কথাই বলেছেন তিনি।
বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচেই জয় পায়নি বাংলাদেশ, এমনকি শক্ত প্রতিরোধও গড়তে পারেনি, যার কারণে হারতে হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষেও। টুর্নামেন্ট জুড়েই এমন বাজে অবস্থার পরে ড্রেসিং রুমের অবস্থা কি এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘হারলে তো স্বাভাবিকভাবেই সবার খারাপ লাগে। দিন শেষে ক্রিকেটে এসব মেনেই নিতে হবে। হারজিত তো থাকবেই।’
তবে এমন অবস্থা বেশি দিন থাকবে না বলেই মনে করেন এই টাইগার অলরাউন্দার। তিনি বলেন, ‘আমরা সবাই হতাশ। খুব চেষ্টা করে যাচ্ছি ভালো করার। বাংলাদেশের দর্শকেরা সব সময় আমাদের সমর্থন দিয়ে যান। নেদারল্যান্ডসের কাছে হারের পরও এই ম্যাচে অনেক দর্শক হয়েছে। তাঁরা কখনো আশা ছেড়ে দেন না। বিশ্বাস করেন, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আমাদের বিশ্বাসও তা–ই।’
এদিকে ২০১৩ সালের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না বাংলাদেশের। এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে খেলব না, খারাপ লাগবে। আমরা কেউই খারাপ খেলতে চাই না। সবাই চেষ্টা করছি। কিন্তু এবার কোনো কিছুই পক্ষে থাকছে না। ভাগ্য সহায় হচ্ছে না। ব্যাটসম্যানরা যেখানেই শট খেলছে, ফিল্ডারের হাতে চলে যাচ্ছে। বোলিংয়ে কিছু না কিছু হচ্ছে। এ রকম কখনো হয়নি। গত তিন বছরে তো ওয়ানডে খেলেছি। আমার কাছে মনে হয়, ভাগ্য কম কাজ করছে।’
এদিকে প্রতি ম্যাচেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন নিয়ে জানতে চাইলে মিরাজ বলেন, ‘রিয়াদ ভাইকে (মাহমুদউল্লাহ) ওপরে ব্যাটিং করানো হয়েছে। কারণ, তিনি খুব ভালো খেলছেন, ভালো শেপে আছেন। আর তিনি আত্মবিশ্বাসীও এই মুহূর্তে। এটি বিবেচনা করেই তাঁকে ওপরে পাঠানো হয়েছে। মুশফিক ভাইকেও (মুশফিকুর রহিম।’
আর এসব বদলের সিদ্ধান্ত টিম ম্যানেজম্যান্ট থেকেই হচ্ছে জানিয়ে রিয়াদ বলেন, ‘এই যে পজিশন বদল, সেটি দলের সমন্বয় তৈরি করতেই হচ্ছে। প্রতি ম্যাচেই ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয়, কে কোথায় ব্যাটিং করবে। এটা দলের জন্যই। যে ভালো খেলতে পারে, তাকেই সুযোগ দেওয়া হয়।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম