একসময় যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলতো নিরন্তর ট্রল, সেই নাজমুল হোসেন শান্ত এখন জাতীয় দলের ব্যাটিংয়ে মূল ভরসা। যে কোনো সিরিজে তার দিকে তাকিয়ে থাকে দল। সামনে বিশ্বকাপ; সেখানেও শান্তকে বড় দায়িত্ব নিতে হবে। ব্যাট হাতে দারুণ ধারাবাহিক এই তারকা সদ্যই চোট থেকে সেরে উঠেছেন।
আগামীকাল মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে তার প্রত্যাবর্তন ম্যাচ। মিরপুরে অনুষ্ঠিতব্য শেষ ওয়ানডেতে শান্ত শুধু খেলবেনই না, দলকে প্রথমবারের মতো নেতৃত্বও দেবেন। কদিন আগে নিজের ২৫তম জন্মদিনে প্রথমবারের মতো বাবা হয়েছেন শান্ত। এরপরই পেলেন অধিনায়ক হওয়ার খবর।
এসব কি সন্তানভাগ্যের কারণেই হচ্ছে? আজ মিরপুরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে শান্ত হাসতে হাসতে বলেন, ‘আমার কাছে তো তাই মনে হচ্ছে (ছেলেই ভাগ্য বদলে দিয়েছে)। বিশেষ করে গত এক বছর, সবাই আমাকে বলেও, বিশেষ করে আমার পরিবারের সদস্যরা। আমার নিজের কাছেও মনে হয়। সে খুব ভাগ্যবান মনে হয়। অন্তত আমার জন্য।’
গত এক বছর ধরেই আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা সময় পার করছেন শান্ত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই তিনি ধারাবাহিকভাবে তিন সংস্করণের ক্রিকেটে রান করছেন। সর্বশেষ এশিয়া কাপে হাঁকিয়েছেন সেঞ্চুরি। সেই ম্যাচেই চোটের কারণে ছিটকে পড়েন এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান।
সামনে বিশ্বকাপ। এমন মুহূর্তে আগের ছন্দটাই ধরে রাখতে চান শান্ত, ‘আলহামদুলিল্লাহ। বেশ উপভোগ করছি। বাবা হওয়ার পর বা আগে থেকে গত এক বছর খুব ভালো যাচ্ছে। এখন চেষ্টা থাকবে এই জিনিসটা ধরে রাখা।’
ঢাকারিপোর্ট২৪.কম/এসএফ/আরএএম