সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

১০৮ রানে হারল বাংলাদেশ


DhakaReport24.com || 2023-07-19 16:34:00
১০৮ রানে হারল বাংলাদেশ

সিরিজ জিততে হলে রেকর্ড গড়তে হতো বাংলাদেশ নারী দলকে। টপকাতে হতো ওয়ানডেতে সেরা রান তাড়ার (২১০) রেকর্ড। সেই চ্যালেঞ্জের কাছেও যাওয়া হলো না। তার অনেক আগেই থেমে গেল নিগার সুলতানা জ্যোতিদের লড়াই। মাত্র ১২০ রানে অলআউট হয়ে ভারতের কাছে বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে হারল ১০৮ রানের বড় ব্যাবধানে।

এদিনের জয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। অবশ্য বিশাল হারেও সিরিজ জয়ের স্বপ্নটা শেষ হয়নি বাংলাদেশের। ২২ জুলাই শেষ ওয়ানডেতে সেই সুযোগটা থাকছে।

 বাংলাদেশের ইনিংস লাইন থেকে ছিটকে যায় দুটি স্ট্যাম্পিংয়ে। নিজেদের ভুলে দুই সেট ব্যাটার ফারজানা হক ও রিতু মনি ফিরেন ড্রেসিংরুমে।

বড় রান তাড়া করতে নেমে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। ওই অবস্থান থেকে ফারজানা ও রিতু টেনে তুলেছিলেন বাংলাদেশকে। দুজনের ৬৮ রানের জুটিতে জয়ের স্বপ্নটাও উঁকি দেয়। দুজনে আউট হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের ২১ ওভারে ১২৩ রানের মতো দরকার ছিল।

জুটি দাঁড়িয়ে যাওয়ায় রান আসছিল ভালোভাবে। ভারত বোলারদের ভুল লাইনে বল, ফিল্ডারদের ফিল্ডিং মিস, প্রান্ত বদল করে ফারজানা ও রিতুর রানের চাকা সচল রাখার পাশাপাশি বাউন্ডারিও আসছিল সময়ে সময়ে। ২১ ওভারে ১২৩ তাই খুব কঠিন মনে হয়নি।

কিন্তু এমন সময়ই আশার বেলুন চুপসে গেল। দেবিকা বিদ্যার একটি ঝুলিয়ে দেয়া বলে ডাউন দ্য উইকেটে গিয়ে শট নিতে যান ফারজানা। বলের লাইন মিস করে ফিরলেন স্ট্যাম্পিং হয়ে। উইকেটে সেট হওয়া ব্যাটার তখনই ডাউন দ্য উইকেটে শট নেন, যখন পরিপূর্ণ আত্মবিশ্বাসী বা নিশ্চিত থাকেন। কিন্তু ৮১ বলে ৫ চারে ৪৭ রান করা ফারজানা পূর্ণ নিশ্চিত হয়তো ছিলেন না। তাই বল মিস করেন ও ৬৮ রানের দারুণ জুটির সমাপ্তি হয়।

বাংলাদেশের আকাশে কালো মেঘ বাড়িয়ে পরের ওভারেই বিদায় নেন রিতু মনি। আউটের ধরন পুরো এক। ফারজানার মতো এই ব্যাটারও সামনে গিয়ে ড্রাইভ খেলার চেষ্টায় বল মিস করেন। ৪৬ বলে ৩ চারে ২৭ করে স্ট্যাম্পিং হন জেমিমাহ রদ্রিগেজের বলে।

এ জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙ্গে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন। অধিনায়ক নিগার সুলতানাসহ বাকি ব্যাটাররা সামান্য প্রতিরোধ গড়তে পারেননি।

ব্যর্থ ব্যাটিংয়ের দিনে ফারজানা ও রিতু ছাড়া দুই অঙ্কের ঘরে রান তুলেছেন মুরশিদা খাতুন (১২)। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২২৮ রান তুলে ভারত। জেমিমাহ রদ্রিগেজ খেলেন ক্যারিয়ার সেরা ৭৮ বলে ৯ চারে ৮৬ রানের ইনিংস। তার ব্যাটেই বড় স্কোরের পথ পেয়ে যায় ভারত।

অধিনায়ক হারমানপ্রিত কৌরের সঙ্গে ৭৩ রানের জুটি গড়ে ইনিংসকে কক্ষপথে আনেন রদ্রিগেজ। হারমানপ্রিত ৮৮ বলে ৩ চারে ৫২ রান করেন। পরে ২৫ রান করা হারলিন দেওলকে নিয়ে গড়েন আরও ৫৮ রানের জুটি। এর আগে ওপেনার স্মৃতি মানধানা ৫৮ বলে ৩৬ রান করেন। বাংলাদেশের হয়ে সালতানা খাতুন ও নাহিদা আকতার ২টি করে উইকেট নেন। রাবেয়া ও মারুফা নেন একটি করে উইকেট। দারুণ ব্যাটিংয়ের পর বোলিংয়ে ৩.১ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৩ রান দিয়ে ৪ উইকেট নেন জেমিমাহ। ম্যাচসেরাও তাই তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম