বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। নাগপুরে অনুষ্ঠিত ম্যাচটিতে অজি উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি দুই ইনিংসেই আউট হন রিভার্স সুইপ খেলতে গিয়ে। আউট হওয়ার ধরনের জন্য তাকে বেশ সমালোচিতও হতে হয়।
দিল্লিতে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া টেস্টে তাই রিভার্স সুইপ খেলা থেকে বিরত থাকতে পারেন ক্যারি। যদিও তিনি নিজে সমালোচকদের সঙ্গে পুরো একমত নন। কিন্তু অন্যদের মতো ক্যারির স্ত্রীরও যে রিভার্স সুইপ খেলা পছন্দ নয়!
নাগপুরে প্রথম ইনিংসে ৩৬ ও দ্বিতীয় ইনিংসে ১০ রান করা ক্যারি সংবাদমাধ্যমকে বলেন, ‘হয়ত প্রথম ইনিংসের প্রয়োগ পদ্ধতিতে সমস্যা ছিল। দ্বিতীয় ইনিংসে আমার মাথায় যেটা ছিল সেটা হল আমার আগে যারা ব্যাট করেছে তাদের থেকে আলাদা পদ্ধতিতে আমি ব্যাট করব। এতে (রিভার্স সুইপ) কখনও সাফল্য পাব, আবার কখনও ব্যর্থতার কারণ হবে। আমাকে সঠিক ব্যালান্স খুঁজে বের করতে হবে।’
এরপরই স্ত্রীর প্রসঙ্গ টানেন তিনি, ‘আমার স্ত্রীও আমাকে এটা (রিভার্স সুইপ) নিয়ে অনেক বার বলেছে। সেও রিভার্স সুইপ খেলাটা পছন্দ করে না। হয়ত বেশ কিছু দিন আপনারা আমাকে এই শটটা খেলতে দেখবেন না (হাসি)।’
প্রথম ইনিংসে অশ্বিনকে রিভার্স সুইপ মারতে গিয়ে আউট হয়ে যান ক্যারি। বল তার ব্যাটের কোনাতে লেগে স্ট্যাম্পে ঢুকে যায়। দ্বিতীয় ইনিংসে একই বোলারকে প্রথম দুটি বলে তিনি সুইপে চার মারেন। এই ইনিংসেও তিনি রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হন।
ক্যারি মনে করেন, ‘হয়ত আমি খুব বেশি মনোযোগী ছিলাম ভিন্ন স্টাইলে খেলতে। তবে ভারতের মাটিতে প্রথম টেস্টে আমার কাছে এটা খুব বড় একটা শিক্ষা। আশা করছি আমাদের সব ক্রিকেটারদের মতো আমিও সঠিক ভারসাম্যটা খুঁজে পাব।’
প্রথম টেস্ট হারলেও মনোবল হারাতে চান না ক্যারি, ‘আমাদেরকে শান্ত, আরও ধৈর্যশীল থাকতে হবে। ভারতে এসে পরিবেশ পরিস্থিতি নিয়ে খুব বেশি ভাবা যাবে না। নিজে যখন ব্যাট করতে নামব তখন আমি কী করব, কীভাবে খেলব সেটা নিয়েই ভাবতে হবে। আমাকে কী ধরনের বোলিং করা হচ্ছে সেটা মাথায় রেখেই খেলতে হবে।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম