বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচটি। তবে মেলবোর্নে বৃষ্টির কারণে অপেক্ষা বাড়তে থাকে। শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি ম্যাচটি। পরিত্যক্ত হয়েছে বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ এই ম্যাচ। পয়েন্ট হয়েছে ভাগাভাগি। এতে আয়ারল্যান্ড শিবির খুশি হলেও হতাশ আফগানরা।
পয়েন্ট ভাগ হওয়ায় বেশি লাভ হয়েছে আয়ারল্যান্ডের। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ওয়ানের টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইরিশরা। অন্যদিকে তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তলানিতে আফগানরা। সেমির স্বপ্নটা অনেকটাই ধূসর হয়ে গেল রশিদ-নবীদের।
আফগানিস্তানের দুটি পয়েন্টই এসেছে বৃষ্টির কল্যাণে। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে আফগানরা হারে ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে হলো তাই।
অন্যদিকে আয়ারল্যান্ডের শুরু লঙ্কানদের সঙ্গে ৯ উইকেটে হার দিয়ে। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ইংল্যান্ডকে ৫ রানে হারায় তারা। এবার আফগানদের সঙ্গে পেল ১ পয়েন্ট।
গ্রুপ ওয়ানে ৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে নিউজিল্যান্ড। রানরেটে পিছিয়ে থাকায় সমান ৩ পয়েন্ট নিয়েও দ্বিতীয় স্থানে আয়ারল্যান্ড। এরপর রয়েছে যথাক্রমে রয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান। তিন দলের পয়েন্টই সমান ২। রানরেটে পিছিয়ে থাকায় সবার নিচে আফগানিস্তান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম