বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে ওয়েস্ট ইন্ডিজ। নিশ্চিত করবে সিরিজ জয়। বছরের বাকি ৫ ম্যাচের সবক'টাতেই অপরাজিত থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলেও এগিয়ে যাবে দল, এমনটাই আশা ক্যারিবীয় কোচ ফিল সিমন্সের।
ক্রেইগ ব্রাথওয়েটের নেতৃত্বের ওপর আস্থা রাখছেন কোচ। কেমার রোচের মতো অভিজ্ঞ পেসার দলে থাকায়, ইয়াংস্টাররা উপকৃত হচ্ছে বলেও মনে করেন সিমন্স।অ্যান্টিগা টেস্টের পর ব্যাকফুটে বাংলাদেশ আর আত্মবিশ্বাসের চূড়ায় ওয়েস্ট ইন্ডিজ। এ বছর খেলা ৪ টেস্টেই অপরাজিত ক্যারিবীয়রা। চলমান সিরিজের আগে মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে তারা। ঘরের মাটিতে আরও একবার সিরিজ জয়ের সুযোগ। সেন্ট লুসিয়ায় বাংলাদেশের বিপক্ষে ড্র করলেই পূরণ হবে লক্ষ্য। তবে শুধু এ সিরিজই নয়, ক্যারিবীয়দের দৃষ্টি আরও দূরে।
ওয়েস্ট ইন্ডিজ হেড কোচ ফিল সিমন্স বলেন, এ বছরের বাকি ৫ টেস্টেই অপরাজিত থাকতে চাই আমি। ছেলেরা বেশ আত্মবিশ্বাসী। যা আমার কাজটাকে সহজ করে দিচ্ছে। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ই তাদের মধ্যে দৃঢ়বিশ্বাস তৈরি করেছে।
গেল দেড় বছরে ১৪ টেস্টে ৫ জয় আর ৪ ড্র তাদের। ১১১১ রান নিয়ে এই সময়ে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রেইগ ব্রাথওয়েইট। টাইগারদের বিপক্ষে প্রথম টেস্টেও সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস খেলেছেন তিনি। সাদা পোশাকের দলটাকে গুছিয়ে নিতে বড় ভূমিকা রয়েছে তার। অধিনায়কের ওপর তাই অগাধ আস্থা কোচের।
ফিল সিমন্স বলেন, সবাই জানে, ব্রাথওয়েট দৃঢ়চেতা মানুষ। পাঁচদিন নিরলসভাবে নিজের কাজটা করে যেতে পারে ও। এটা তাকে অন্যদের চেয়ে আলাদা করে। অনেক ব্যাটারই আছে যারা ধৈর্য হারিয়ে অপ্রয়োজনীয় শট খেলে আউট হয়। কিন্তু, সে সবসময় দলের জন্য ভাবে। অধিনায়কত্বটা আসলে এমনই। তার অনেক কথা বলতে হয়না। সবাই বোঝে সে কি চায়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম