পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কি স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন দীর্ঘদিনের। সে গুঞ্জন এবার বাস্তবে পরিণত হতে যাচ্ছে। চলছে দরকষাকষি। যেখানে তার বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখ পোলিশ স্ট্রাইকারের জন্য বার্সার কাছে প্রস্তাব রেখেছে ৫০ মিলিয়ন ইউরোর।
ক্লাব ফুটবলে বর্তমানে যারা আলো ছড়াচ্ছেন তাদের একজন লেভানদোভস্কি। তার হাত ধরে বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির পাশাপাশি জিতেছে একাধিক বুন্দেসলিগা শিরোপা। এমন স্ট্রাইকারকে কে-বা হারাতে চায়? কিন্তু দল না চাইলেও তিনি হারিয়ে যেতে চান। উপভোগ করতে চান বিচিত্রতা। বুন্দেসলিগা ছেড়ে এবার তাই তার নজর স্প্যানিশ লা লিগায়।
শেষ পর্যন্ত ক্লাবও আর তার ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে না। তার বিকল্প হিসেবে ক্লাবে ভিড়িয়েছে লিভারপুল তারকা সাদিও মানেকে। গণমাধ্যমের খবর: ৪২ দশমিক ৫ মিলিয়ন ইউরোতে মানেকে ছেড়ে দিয়েছে অলরেডরা। তাই লেভানদোভস্কিকে ছাড়তে আর চিন্তা নেই জার্মান জায়ান্টদের। এবার পোলিশ তারকাকে বিক্রি করে ভালো মুনাফা আদায়ের পালা।
পোলিশ তারকার জন্য বার্সাকে তারা প্রস্তাব করেছে ৫০ মিলিয়ন ইউরো। এমনই সংবাদ স্প্যানিশ সংবাদমাধ্যমে স্পোর্তের। তবে ঋণজর্জরিত বার্সার জন্য বর্তমান সময়ের অন্যতম তারকার জন্য এই পরিমাণ অর্থ খরচও আকাশচুম্বী। তাই তারা দরকষাকষি করছে, অর্থের পরিমাণটা আরেকটু কমিয়ে নিতে।
অবশ্য বায়ার্নও সুযোগ রাখছে দরকষাকষির। বার্সার কাছ থেকে পরবর্তী প্রস্তাব শোনার জন্য অপেক্ষায় আছে তারা। সূত্রের খবর, স্প্যানিশ জায়ান্টরা ৪০ মিলিয়ন ইউরোতে পোলিশ স্ট্রাইকারকে দলে ভেড়াতে চাইছে। শেষ পর্যন্ত দুই ক্লাবের মধ্যে বোঝাপড়াটা হয়ে গেলে হয়তো আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
২০১৪ সালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে যোগ দেন লেভানদোভস্কি। এরপর জায়ান্ট ক্লাবটির হয়ে করতে থাকেন শিরোপা-উৎসব। একে একে জেতেন টানা আট মৌসুমের লিগ শিরোপা। ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ছাড়াও জিতেছেন উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ। এসব ট্রফি জয়ে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন পোলিশ এই তারকা। ক্লাবের হয়ে ৩৭৫ ম্যাচে করেছেন ৩৪৪ গোল।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম