গতবছর ইউরোপিয়ান ফুটবলে উয়েফার বিদ্রোহী টুর্নামেন্ট হিসেবে সুপার লিগের কথা শোনা গেলেও প্রতিষ্ঠাকালীন ১২ সদস্যের মধ্যে ৯টিই সরে দাঁড়ালে ভেস্তে যায় সেই পরিকল্পনা। তবে এখনও রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস বাঁচিয়ে রেখেছে সেই সুপার লিগের আশা।
এখনও আলোর মুখ দেখেনি সেই সুপার লিগ। আদৌ এটি বাস্তবায়িত হবে কি না তা জানা নেই কারও। তবে এবার নতুন আরেক টুর্নামেন্টে খেলতে নামছে এ তিন দল। আগামী মাসে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া সকাল চ্যাম্পিয়ন্স ট্যুরে খেলবে স্পেন ও ইতালির শীর্ষস্থানীয় ক্লাব তিনটি।
প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টের উদ্বোধনী আসরে রিয়াল, বার্সা ও জুভেন্টাস ছাড়াও খেলবে মেক্সিকোর দুই দল ক্লাব আমেরিকা ও দেপোর্তিভো গুয়াদালারা। আগামী ২২ থেকে ৩০ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের লাস ভেগাস, সান ফ্রান্সিসকো, ডালাস ও লস অ্যাঞ্জেলসে হবে পাঁচ দলের এই টুর্নামেন্ট।
লাস ভেগাসে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গুয়াদালারার মুখোমুখি হবে জুভেন্টাস। পরদিন সবচেয়ে আকর্ষণীয় এল ক্লাসিকো ম্যাচটিও হবে একই মাঠে। যেখানে লড়বে দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লস অ্যাঞ্জেলসে আগামী ৩০ জুলাই এই টুর্নামেন্টের পর্দা নামবে রিয়াল ও জুভেন্টাসের ম্যাচ দিয়ে।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম