এমবাপ্পেরই দিন আজ । পুরনো ক্লাবের সঙ্গেই নতুন চুক্তি করেছেন এমবাপ্পে, ‘মাদ্রিদ-প্যারিস’ নাটকের অবসান শেষ হলো অবশেষে । বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার এরপর মাঠে নেমে দিনটা রাঙানোর ব্যবস্থাও করলেন। এমবাপ্পে দারুণ উপহার দিলেন মেটজের বিপক্ষে হ্যাটট্রিক করে প্যারিসিয়ানদের চুক্তি নবায়ন উপলক্ষে। তার হ্যাটট্রিক ও নেইমার-ডি মারিয়ার গোলে ৫-০ গোলের বিশাল জয় পেয়েছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা । এমবাপ্পের দলবদলই এখন ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে গরম খবর । ২০২৫ সাল পর্যন্ত পুনরায় চুক্তি সেরে নিয়েছেন এমবাপ্পে প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে। ফুটবলের এই নক্ষত্র শনিবার রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে টেলিফোনে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তাতে রাগে গজরাতে গজরাতে নাকি ফোন কেটে দিয়েছেন পেরেজ, স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো এমনটাই জানাচ্ছে। বলা চলে এমবাপ্পের জন্য স্বপ্নের মাদ্রিদের দরজাটা বন্ধ হয়ে গেল চিরদিনের জন্য।
তবে পিএসজি বিনিময়ে যা দিচ্ছে তা এর আগে কল্পনাও করেনি কেউ। বিশাল বেতন-বোনাস তো থাকছেই, পিএসজিতে এখন অসীম ক্ষমতার মালিক এমবাপ্পে। খেলোয়াড় কেনা থেকে কোচের আসনে কে বসবে- তার সিদ্ধান্তেই হবে সবকিছু। এমবাপ্পেই এখন প্যারিসের অলিখিত রাজা।
রাজা হয়ে অবশ্য রাজার মতোই খেললেন আজ। নতুন চুক্তি করে মাঠে নেমেই হ্যাটট্রিক করলেন এমবাপ্পে। ফরাসি তারকার জ্বলে ওঠার দিনে জ্বলে উঠেছেন পিএসজি ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা অ্যাঞ্জেল ডি মারিয়াও। গোল পেয়েছেন নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা নেইমারও। তিন তারকার গোলে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি।
এদিন মেটজকে দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় খেলতে হয়েছে দশজনকে নিয়ে। তবে ম্যাচ থেকে তারা ছিটকে পড়েছে তার আগেই। প্রথমার্ধেই এমবাপ্পের জোড়া গোল ও নেইমারের গোলে ৩-০-তে এগিয়ে যায় পিএসজি। বাকি দুটি গোল পায় ম্যাচের দ্বিতীয়ার্ধে।
একের পর এক আক্রমণে মেটজকে ব্যতিব্যস্ত রাখা পিএসজি এগিয়ে যায় ২৪ মিনিটের মাথায়। ডি মারিয়ার চমৎকার পাস ধরে আগুয়ান গোলরক্ষককে কাটান এমবাপ্পে। গোলমুখে মেটজের দুই ডিফেন্ডার বাধা হয়ে দাঁড়াতে চেষ্টা করলেও তাদের একজনের পায়ের ফাঁক দিয়েই গোল করেন তিনি। এর ঠিক চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে।
লিও মেসির রক্ষণচেরা পাস এমবাপ্পে পান ডি-বক্সের মাথায়। এবারো গোলরক্ষক এগিয়ে এসে আটকাতে যান তাকে। তাকে বোকা বানিয়ে কাছের পোস্ট দিয়ে গোল করেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা।
মেসির আরেকটি আক্রমণ থেকে ম্যাচের তৃতীয় গোল পায় পিএসজি। মেটজের অর্ধে বল পেয়ে মেসি পাস বাড়ান ডি মারিয়াকে। আর্জেন্টাইন উইংগারের সামনে ছিলেন শুধুই গোলরক্ষক, কিন্তু হুট করে পেছন থেকে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের স্লাইডিং ট্যাকলে বল চলে যায় নেইমারের পায়ে। চমৎকার শটে গোল করেন তিনি।
৪৩ মিনিটেই হ্যাটট্রিক পুর্ণ হতে পারত এমবাপ্পের। কিন্তু তার দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৩-০ গোলের লিড নিয়ে মধ্যবিরতিতে যায় মেসি-নেইমার-এমবাপ্পের দল।
বিরতি থেকে ফিরেই হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন ফরাসি তারকা। ৫০ মিনিটে বল নিয়ে ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের খেলোয়াড়ের ট্যাকলে বল হারান এমবাপ্পে। কিন্তু বল ক্লিয়ার করতে পারেনি মেটজের ডিফেন্ডাররা। বল আবার পেয়ে যান তিনি। গোলরক্ষককে পরাস্ত করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। লিগে এটি তার ২৮তম গোল।
৫৮তম মিনিটে নেইমারকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বুবাকার ত্রাওরে। ৬১তম মিনিটে এমবাপ্পের শট ফিরে আসে পোস্টে লেগে। ৬৭ মিনিটে একই ভাগ্যবরণ করে মেসির শট। এমবাপ্পের পাস বুক দিয়ে নামিয়ে শট নিয়েছিলেন মেসি। পোস্টে লেগে সে বল ফিরে এসে পড়ে ডি মারিয়ার সামনে। আলতো টোকায় সে বল গোলে পাঠিয়ে পিএসজি ক্যারিয়ারের বিদায়ী ম্যাচে আবেগাপ্লুত হয়ে পড়েন ডি মারিয়া।
আর্জেন্টাইন তারকা য়্যুভেন্তাসে যোগ দিচ্ছেন সাত বছরের পথচলার সমাপ্তি ঘটিয়ে। এই তারকা হাসি হাসি মুখ আর চোখে অশ্রু নিয়ে গোল উদযাপন করার মাঠ ছাড়েন কিছুক্ষণ পর। এ সময়ে তাকে ‘গার্ড অফ অনার’ প্রদান করে সতীর্থ পিএসজির খেলোয়াড়রা। তিনি মাঠ ছাড়েন আলিঙ্গন ও করতালির মধ্য দিয়ে । এ সময়ে তার স্ত্রীর চোখেও অশ্রু দেখা যায়।
পিএসজি লিগ শেষ করল ৩৮ ম্যাচে ২৬ জয় ও আট ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে।