আইপিএল শেষ হওয়ার পরপরই অস্ট্রেলিয়া সফর করবে শ্রীলঙ্কায়। সঙ্গে অস্ট্রেলিয়া এ দলও পা রাখবে লঙ্কার মাটিতে। দুই দলের এই সফরকে সামনে রেখে দল ঘোষণা করেছে অজিরা।
জাস্টিন ল্যাঙ্গারের পদত্যাগের পর পাকিস্তান সফরে দলটির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ছিলেন অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড। সেই ম্যাকডোনাল্ডকে সম্প্রতি স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া। পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর তার প্রথম সিরিজ এটি। এই সিরিজের জন্য ঘোষিত দলে চোখে পড়ার মতো বেশ কিছু পরিবর্তন আছে।
গলে দুই টেস্টের সিরিজের জন্য অধিনায়ক প্যাট কামিন্সের হাতে তুলে দেওয়া হয়েছে ১৬ সদস্যের একটি দল। আর অজিদের সাদা বলের অধিনায়ক অ্যারন ফিঞ্চের ওয়ানডে ও টি-টোয়েন্টির বহরটা তুলনামূলক বড়।
টেস্ট দলে টপ অর্ডারে উসমান খাজার কাছে জায়গা হারানো মার্কাস হ্যারিস এই সিরিজের দলেও নেই। টেস্ট অধিনায়ক কামিন্সকে অবসর দেওয়া হয়েছে টি-টোয়েন্টি থেকে। আর অ্যাডাম জ্যাম্পা সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিতে খেলবেন না পুরো সিরিজে। ওয়ানডে আর টি-টোয়েন্টির দলে থাকলেও গ্লেন ম্যাক্সওয়েলকে ডাকা হয়নি টেস্ট দলে।
শ্রীলঙ্কার মাটিতে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক টেস্ট রেকর্ড অবশ্য ভালো নয় মোটেও। ২০১৬ সালে সফরে অজিরা হেরেছিল ৩-০ ব্যবধানে। সে ফলাফলটা এবার বদলাতে চাইবে অস্ট্রেলিয়া, তা বলাই বাহুল্য
অস্ট্রেলিয়া এ দলও শ্রীলঙ্কায় সফর করবে একই সময়ে। খেলবে দুটো করে ওয়ানডে আর চার দিনের ম্যাচ।
অস্ট্রেলিয়ার সফরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে আগামী ৭ জুন। পরেরদিনই আবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। ১১ জুন হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। ১৪, ১৬, ১৯, ২১ ও ২৫ জুন পাঁচটি ওয়ানডে খেলবে দল দুটি। ২৯ জুন শুরু টেস্ট সিরিজ। শেষ টেস্টটা মাঠে গড়াবে ৮ জুলাই থেকে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম