নীলফামারীর ডিমলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা আহ্বায়ক আবু সায়েম সরকারকে গ্রেফতার করেছে পুলিশ । শনিবার (৪ জানুয়ারি ) বিকালে জেলার সৈয়দপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিমলা থানায় কুটিরডাঙ্গা এলাকায় কৃষকের জমি দখল করে বালু উত্তোলন, হামলা ও চাঁদাবাজির অভিযোগে গত ২০ সেপ্টেম্বর একটি মামলা করা হয়। মামলার বাদী আনিছুর রহমান ৭৪ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি হিসেবে অভিযুক্ত করেন। ওই মামলায় নামীয় আসামি আবু সায়েমকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে সায়েমের বিরুদ্ধে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি। তিনি জানান, গ্রেফতার আসামিকে নীলফামারী আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম