চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের একটি আম বাগানে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে রিমন ওরফে ইমন (১১) নামের এক স্কুল ছাত্র আহত হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) বিকেলে শিবগঞ্জ স্টেডিয়ামের পাশের একটি আম বাগানে এ ঘটনা ঘটে।
আহত স্কুল ছাত্র শিবগঞ্জ পৌর শহরের চতুরপুর মহল্লার আনারুল ইসলামের ছেলে। সে আলীডাঙা জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
আহত রিমনের মা শিউলি বেগম জানান, দুপুরের খাবার খেয়ে রিমন ও তার ছোট ভাই ইকবাল শিবগঞ্জ স্টেডিয়ামের পাশের আমবাগানে গাছের পাতা কুড়াতে যায়। এ সময় রিমন একটি লাল রঙের কোটা দেখতে পাই। ওই বস্তুটিকে পা দিয়ে নাড়ানোর সময় সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় তার বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছ। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম