সদ্য সমাপ্ত বছর ২০২৩ সালে দেশের চতুর্থ প্রজন্মের বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৮৩১ কোটি ৬০ লাখ টাকা। এরমধ্যে প্রথম বর্ষ প্রিমিয়াম আয় হয়েছে ৪৪৩ কোটি ১৫ লাখ টাকা, রিনিউয়াল প্রিমিয়াম এসেছে ৩৮৪ কোটি ৯০ লাখ টাকা এবং গ্রুপ বীমা থেকে এসেছে ৩ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রিমিয়াম আয়ে রেকর্ডের পাশাপাশি নতুন পলিসি বিক্রিতেও চমক দেখিয়েছে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানিটি। ২০২৩ সালে কোম্পানিটি নতুন পলিসি বিক্রি করেছে ২ লাখ ৩৯হাজার ৯৬৫টি।
আলোচ্য বছরে ম্যাচিউরিটি প্রদানেও অগ্রণী ভূমিকা রেখেছে সোনালী লাইফ। গত বছরে কোম্পানিটি ১১ হাজার ৪৪৫টি পার্ট ম্যাচিউরিটি বাবদ ৩৬ কোটি ১৪ লাখ টাকা পরিশোধ করেছে। আর ৩ হাজার ২৪৭টি ফুল ম্যাচিউরিটি বাবদ পরিশোধ করেছে ৪৭ কোটি ৩৬ লাখ টাকা।
২০২৩ সাল জুড়ে সোনালী লাইফ ৪৫৩টি মৃত্যু বীমা দাবি দিয়েছে। এ খাতে কোম্পানিটি পরিশোধ করেছে ৬ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার টাকা। এছাড়া ৭৯টি গ্রুপ বীমা দাবির জন্য পরিশোধ করেছে ২ কোটি ৪৩ লাখ টাকা। আর ২৭০টি সাপ্লিমেন্টারি বীমা দাবির জন্য পরিশোধ করেছে ৩৮ লাখ ৮১ হাজার টাকা।
এদিকে ২০২৪ সালের প্রথম মাস জানুয়ারিতেও সোনালী লাইফের ব্যবসায় ‘বিস্ময়কর’ অগ্রগতি হয়েছে। প্রতিষ্ঠানটি নতুন বছরের শুরুর দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত প্রথম বর্ষ প্রিমিয়াম আয় করেছে ২৯ কোটি ৫৩ লাখ টাকা। এ সময়ে রিনিউয়াল প্রিমিয়াম এসেছে ৩৯ কোটি ৫৩ লাখ টাকা। একই সময়ে গ্রস প্রিমিয়াম দাঁড়িয়েছে ৬৯ কোটি টাকা।
শুধু যে ব্যবসায় অগ্রগতি হয়েছে তা নয়, এ মাসে কোম্পানিটি ৪৪৬টি ফুল ম্যাচিউরিটি বাবদ ১১ কোটি ৫ লাখ টাকা পরিশোধ করেছে। এক হাজার ১৭১টি সারভাইভাল বেনিফিট বাবদ পরিশোধ করেছে ৩ কোটি ৬৮ লাখ টাকা।
সদ্য সমাপ্ত মাসে সোনালী লাইফ ৩টি গ্রুপ বীমা দাবির বিপরীতে এক লাখ ৪৬ হাজার টাকা পরিশোধ করেছে। ২২টি মৃত্যু বীমা দাবির বিপরীতে পরিশোধ করেছে ৩৮ লাখ টাকা। ১১টি সহযোগী বীমার বিপরীতে পরিশোধ করেছে ৪২ হাজার টাকা এবং ৩টি গ্রুপ বীমা মৃত্যু দাবি বাবদ পরিশোধ করেছে ৯ লাখ টাকা।
কর্মকর্তারা জানিয়েছেন, সোনালী লাইফে ৭ দিনের মধ্যে মৃত্যু দাবি পরিশোধের নিয়ম প্রচলিত থাকলেও ৩ বা ৪ দিনের মধ্যেই অনেকের দাবি পরিশোধ করা হয়েছে। আর ম্যাচিউরিটিসহ অন্যান্য দাবি নির্ধারিত দিনেই (ডিউ ডেট) পরিশোধ করে ধারাবাহিকতা বজায় রেখেছে কোম্পানিটি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম