সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিল্পনগরী জুবাইলে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সূত্র ও সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে সজিবের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় প্রতিবেদনেও জুবাইলে হামলার ঘটনায় তার নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে।
দূতাবাস সূত্র জানায়, রোববার (০৪ অক্টোবর) বিকেলে জুবাইল শহরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সজিব নিহত হন বলে জানা গেছে।
সজিব দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন। কয়েক বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান তিনি। পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর প্রত্যাশায় প্রবাসে কাজ করছিলেন এই তরুণ।
হামলায় সজিবের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। আকস্মিক এ মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন স্বজনরা।
সজিবের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। মরদেহ দেশে পাঠানো ও দাফনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহযোগিতা করছে বলে জানা গেছে।
এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। জীবিকার প্রয়োজনে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে তাদের দ্রুত সহায়তা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে সামনে এসেছে।
মাত্র ২৬ বছর বয়সে প্রবাসের মাটিতে সজিবের এই মর্মান্তিক মৃত্যুতে একটি পরিবারের স্বপ্ন থেমে গেল। স্বজনদের কাছে প্রিয়জনের ফিরে আসার অপেক্ষাও এখন পরিণত হয়েছে শেষ বিদায়ের অপেক্ষায়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম