চট্টগ্রামে বাংলাদেশি পণ্যকে ভারতীয় পণ্য হিসেবে বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে টেরিবাজারে ‘রাজস্থান’ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সংস্থাটির চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ডিডি ফয়েজ উল্যাহ জানান, রাজস্থান নামে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় একই পাঞ্জাবির গায়ে ভারতীয় ও বাংলাদেশি দুটি আলাদা ট্যাগ পাওয়া যায়। বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় বলে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া গেছে।
তিনি জানান, এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম