চট্টগ্রামের কর্ণফুলীতে দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চিনি কারখানায় লাগা আগুন নির্বাপণ কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে কোস্টগার্ড ও বিমানবাহিনীর একাধিক ইউনিট।
সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বিকেলের দিকে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ নামের ওই চিনি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় পাঁচ ফায়ার স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তা বেড়ে ১৮ ইউনিটে দাঁড়ায়। সবশেষে তাদের সঙ্গে কোস্টগার্ড ও বিমানবাহিনীর একাধিক ইউনিট যোগ দেয়।
আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, এস আলম রিফাইন্ড সুগার মিলের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে আছে। বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে তাদের।
প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকার বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে ভয়াবহ আগুন লাগে। পরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় ৪৬ জন নিহত হয়েছেন। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ২২ জন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম