মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম নগরীতে পুরোপুরি বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকে লাইনে গ্যাস না পাওয়ায় বাসাবাড়ি ও রেস্তোরাঁয় রান্না হয়নি খাবার। ফলে দুর্ভোগে পড়েছেন নগরের লক্ষাধিক মানুষ।
তবে দুপুরের দিকে কর্ণফুলী গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছেন, চট্টগ্রামে গ্যাস সরবরাহ আজ স্বাভাবিক হচ্ছে না। তবে আগামীকাল শনিবার (২০ জানুযারি) সরবরাহ পুনরায় চালু হতে পারে।
জানা যায়, মহেশখালীর এলএনজি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে কারিগরি ত্রুটি দেখা দেয়। ফলে শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ করতে পারেনি বিতরণ কোম্পানি কর্ণফুলী।
চট্টগ্রামে তাদের ছয় লক্ষাধিক গ্রাহক রয়েছে। হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন অনেকে। বন্ধ হয়ে গেছে শিল্প কারখানার উৎপাদন। খাবারের জন্য হোটেল, রেস্তোরাঁয় ভিড় করছেন মানুষ। রেস্তোরাঁগুলো সিলিন্ডার গ্যাসে খাবার সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে।
এ ব্যাপারে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক মো. আমিনুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘ত্রুটি সমাধানের জন্য সিঙ্গাপুর থেকে এক্সপার্ট আনা হয়েছে। আজ গ্যাস দেওয়া সম্ভব নয়। কালকের মধ্যে ঠিক হবে বলে আশা করছি।
এদিকে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এর পক্ষ থেকে ক্ষুদেবার্তায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধের তথ্য জানিয়ে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়।
এতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা এবং কোম্পানিসমূহ সার্বক্ষণিক তদারকি করছে। দেশীয় গ্যাস উৎপাদন ও সরবরাহ অব্যাহত রয়েছে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম