বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

লোহাগাড়া ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ “ইউসেট” মূল্যায়ন পরীক্ষা


মোহাম্মদ আব্বাস উদ্দিন, ক্রাইম রিপোর্টার:
DhakaReport24.com || 2022-12-25 11:47:15
লোহাগাড়া ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ “ইউসেট” মূল্যায়ন পরীক্ষা

লোহাগাড়া ইউএনও শরীফ উল্যাহ'র চমৎকার উদ্যোগ “ইউসেট” মূল্যায়ন পরীক্ষা ২৪ ডিসেম্বর শনিবার উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় ও মোস্তফা বেগম গার্লস স্কুলে সকাল ১১ টা থেকে ২টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হয়। এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের উপর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলার সকল স্কুল ও মোস্তফা বেগম গার্লস স্কুলে উপজেলার সকল মাদ্রাসার কেন্দ্র করা হয়েছে।

ইউএনও জানান, দ্বিতীয়  বারের মতো আয়োজিত এই পরীক্ষায় ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পায়। গত আগস্ট মাসে প্রথমবার এই পরীক্ষার আওতায় উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২ সালের সকল এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিল। দ্বিতীয়বার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এই পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করলে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে ইউএনও টেস্ট পরীক্ষার ফলাফলে যারা শীর্ষ ২৫% এর মধ্যে স্থান করে নিতে পারবে তারাই এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে বলে শর্ত আরোপ করেন।

আজকের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু বক্কর, বড়হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  জনাব লোকমান হাকিম, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আলী জিন্নাহ, আধুনগর ইসলামিয়া ফাজিল (এমএ) মাদ্রাসার অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক।

পরীক্ষা থেকে বের হয়ে কয়েকজন শিক্ষার্থী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমরা এই পর্যায়ে এতো সুন্দর একটি পরীক্ষা দিতে পেরে অত্যন্ত আনন্দিত। ইউএনও স্যারের এই অসাধারণ উদ্যেগের জন্য আমরা অনেক কিছু শিখতে পারবো এবং আমাদের ভুল-ত্রুটি সংশোধন করতে পারবো বলে মনে করি। ছাত্র-ছাত্রীরা চমৎকার একটি আয়োজনের জন্য ইউএনও স্যারের প্রতি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপস্থিত  প্রধান শিক্ষকগণ জানান, স্যারের এই উদ্যোগটি সম্পূর্ণ ব্যতিক্রমী এবং অনেক বেশি কার্যকরী। গত 'ইউসেট' পরীক্ষার কারণে আমাদের এসএসসি'র ফলাফল অনেক উন্নতি  হয়েছে। ইউএনও মহোদয়ের এই পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের শিক্ষার্থীরা টেস্ট পরীক্ষার আগে থেকেই ব্যাপক পড়াশুনা করেছে। এতে করে তাদের প্রস্তুতি খুবই ভালো হচ্ছে। আগামীতে এই পরীক্ষার কারণে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে আরও বেশি উন্নতি হবে বলে আমরা বিশ্বাস করি।

লোহাগাড়ার ইউএনও শরীফ উল্যাহ বলেন, এই পরীক্ষাটি মূলত ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ইংরেজি ভয় দূর করতে এবং ইংরেজিতে ভালোভাবে প্রস্তুতি গ্রহণে উদ্বুদ্ধ করতেই এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। গত ব্যাচের মাধ্যমে আমরা এর সুফল পেয়েছি। আগামীতে আরও ভালো ফলাফল হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি আরো জানান, এই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে আমার পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার প্রদান করা হবে ইনশাআল্লাহ।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম