চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১টি অটো রাইস মিল, ১টি সুপার শপ, ১টি ফার্মেসি ও ১টি মোটরযান গ্যারেজসহ মোট ৪ টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়ম ও অপরাধের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৬৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ১২ টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার মরিয়ম নগর চৌমুহনী এলাকায় ও লিচুবাগান এলাকায় এসব দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম।
এতে উপজেলার মরিয়ম নগর চৌমুহনী এলাকার গাউছিয়া অটো রাইস মিলে ভিন্ন ভিন্ন কোম্পানীর মোড়ক ব্যবহার করে চাল প্যাকেটজাত করা ও পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা রাইস মিলটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এ দিন উপজেলার লিচুবাগান এলাকায় অভিযান পরিচালনা করে নূর সুপার শপকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা, মীম ফার্মেসিকে ড্রাগ আইনে ৭হাজার টাকা ও বিপদজনকভাবে ফুটপাত দখলে রেখে ব্যবসা পরিচালনার অপরাধে বিসমিল্লাহ অটো মোবাইলকে ৫ হাজার টাকাসহ মোট ৪টি মামলায় ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও বিদ্যুৎ হুকিং এর অপরাধে দুটি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেছেন রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ ও রাঙ্গুনিয়া থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম জানান, "জনস্বার্থে প্রশাসনের এ অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং এ ধারা অব্যাহত থাকবে।''
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম