চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মির্জা গুষ্টির এলাকায় আগুনে ১৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার সন্ধ্যা ছয়টার দিকে মির্জা গুষ্টির এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় প্রতিবেশী রমজান জানায়, হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করি। পরে মুহূর্তেই আগুন পাশের ১৩ টি ঘরে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পরিদর্শনে আসেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ মামুনুর রশিদ। তিনি বলেন, জরুরি ভিত্তিতে থাকার ও খাবারের ব্যবস্থা করছি।
লামা বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ ২৫ লক্ষ বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
এছাড়াও পরিদর্শনে আসেন কর্ণফুলী উপজেলার নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান আমির আহমদ, কর্ণফুলী উপজেলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি, নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজ, শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শিকলবাহা ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার আজাদসহ দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোস্তাক আহমেদ মুন্না।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম