চট্টগ্রাম লোহাগাড়ার ২০০ বছরের পুরোনো কবরস্থান দখলের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কবরস্থানের ওয়ারিশগণের পক্ষে বড়হাতিয়া ৮নং ওয়ার্ডের চাকফিরানী গ্রামের মৃত নজির আহমদের পুত্র নুরুল আলম স্থানীয় জঙ্গলী পাড়ার জাগির আহমদের পুত্র বদন আলী, মৃত আবদুল জব্বারের পুত্র আবদুর রহিমকে বিবাদী করে করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।
সূত্র মতে, ভুক্তভোগীসহ এলাকার অন্যান্য ওয়ারিশগণ এ কবরস্থানের জ্ঞাতানুসারে রক্ষণাবেক্ষণ করে আসছে। অভিযুক্তগণ পার্শ্ববর্তী বাড়ির হওয়ায় ওই কবরস্থানের উপর তাদের কু-নজর পড়ে। তারা সংঘবদ্ধ হয়ে কবরস্থানের উপর বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ এবং খড়ের গাদা তৈরি করে জোরপূর্বক দখলে নেওয়ার পাঁয়তারা করে। তাদেরকে বাধা দিলে তারা বিভিন্ন ধরণের হুমকি ধমকি দিয়ে বাদীকে দমিয়ে রাখার চেষ্টা করে।
ভুক্তভোগী নুরুল আলম সাংবাদিককে জানান, 'বিবাদীগণ আমাদের অন্তত ২০০ বছর পুরোনো কবরস্থান জোরপূর্বক দখল করে চারা রোপণ করেছে। তাদেরকে এতে বাধা দিলে তারা লাঠিসোটা নিয়ে মারতে উদ্যত হয়। আমাদের পূর্বপুরুষ হতে প্রাপ্ত কবরস্থান উদ্ধারের জন্য আমরা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছি।'
তিনি আরও জানান, 'কবরস্থানটি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য আমি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।'
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ বলেন, 'কবরস্থানের বিষয়ে ভুক্তভোগীরা অভিযোগ করেছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
অভিযুক্ত ব্যক্তিদের একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম