দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড় কাটার দায়ে সাবেক মেম্বাারকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আজ (৩১ অক্টোবর) সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে উক্ত জরিমানা আদায় করা হয়।
জানা যায়, আজ বাঁশখালী উপজেলার চাম্বল, পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া ৮ নং ওয়ার্ডের ভিলেজার পাড়া এলাকায় পাহাড় কাটার সময় একটি স্ক্যাভেটর জব্দ করা হয়। পাহাড় কাটার সাথে ৮ নং ওয়ার্ডের আইয়ুব আলীর ছেলে সাবেক মেম্বার শের আলীর সংশ্লিষ্টতা পাওয়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর আওতায় দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া এই সময় পার্শ্ববর্তী ছরা হতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম