শতবছরের ঐতিহ্য গর্জনসহ নানান প্রজাতির রক্ষিত বনাঞ্চল নির্বিচারে উজাড় হচ্ছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে। অবাধে এ রক্ষিত পুরোনা গাছ কাটতে গিয়ে গাছ পড়ে নিহত হয়েছে ১ শ্রমিক।
৩০ অক্টোবর দুপুর দেড়টার দিকে চুনতি ২নং ওয়ার্ড উত্তর মিরিখীলে বনাঞ্চল পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মোজাম্মেল (৫৫) চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বৃন্দাবনখীল বর্তাতলী এলাকার মৃত আহমদ হোসেনের পুত্র।
তথ্যানুসন্ধান মতে, গর্জনসহ নানা প্রজাতির ঐতিহ্যবাহী রক্ষিত গোলাকার বনাঞ্চলের পাশে বসতবাড়ির আঙিনায় গড়ে তোলেন অভিযুক্ত ফরিদের পিতা মৃত বদি আলম।
দীর্ঘ সময়কাল থেকে পুরো রক্ষিত বনাঞ্চল ধীরে ধীরে দখল করে নেয় অভিযুক্ত। পরবর্তীতে নানান কৌশলে সজ্জিত গাছগুলো নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ফাঁকি দিয়ে অবৈধভাবে স্থানীয় এক গাছ ব্যবসায়ীর কাছে বনাঞ্চলের বিভিন্ন প্রজাতির গাছ বিক্রি করে দেন। তবে দিন-দুপুরে বনাঞ্চলের গাছ নির্বিচারে পাচার হচ্ছে। \
এ বিষয়ে বনবিভাগ ও আইন প্রয়োগ সংস্থার লোকের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে নানান প্রশ্ন। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পরিবেশবাদী বিভিন্ন সচেতনমহলে। তারা মনে করে রহস্যজনকভাবে দিনদুপুরে প্রকাশ্যে রক্ষিত বনাঞ্চল জাতীয় গাছগুলো যেভাবে সাবাড় হচ্ছে তা অচিরেই সামাজিক পরিবেশ অবক্ষয়ের মুখে পড়বে।
এছাড়াও অভয়ারণ্যে বন্যপ্রাণীর আবাসস্থল দিন দিন দখল করে রেখেছে বনদস্যুরা। এর জন্য সংশ্লিষ্টদের উদাসীনতাকেই দায়ী করেন সচেতন মহল এবং সেই সাথে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবীও করেন তারা।
এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি রক্ষণাবেক্ষণ, চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী বলেন, 'শুনেছি বনবিভাগের কিছু রক্ষিত গাছ কাটার সময় গাছের চাপায় লোক মারা গেছে। চুনতির বনবিভাগের রেঞ্জার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে আমাদের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গাছগুলো জব্দ করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।'
এ ব্যাপারে ফরিদের সাথে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম