শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

পদ্মা সেতু: স্ত্রীকে স্বামীর নির্যাতন


DhakaReport24.com || 2022-07-06 14:02:15
পদ্মা সেতু: স্ত্রীকে স্বামীর নির্যাতন

চট্টগ্রাম জেলার রাউজানে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে । অভিযুক্তের নাম আলমগীর তালুকদার। তবে তিনি বলছেন, পদ্মা সেতুর টোলের আয়ের হিসাব করতে ব্যর্থ  হলে স্ত্রীকে সামান্য পিটিয়েছেন।

তবে আলমগীরের শশুর দাবি করছেন, যৌতুকের টাকা না পেয়ে তার মেয়েকে পিটিয়েছে আলমগীর।

আলমগীর তালুকদার মারধরের কথা স্বীকার করে বলেন, স্ত্রী তাওহিদুন্নেসাকে পদ্মা সেতুর উদ্বোধনের পর আদায়কৃত টোলের টাকার ওপর ভিত্তি করে পুরো বছর আয় কত হবে, তা বের করতে বলেছিলাম। কিন্তু তিনি হিসাব করতে পারেনি। অথচ বিয়ের সময় তার পরিবার বলেছিল তাওহিদুন্নেসা আলিম পাস। তাই ক্ষোভে স্ত্রীকে চিকন একটি লাঠি দিয়ে হাতে ও পায়ে দু’বার পিটিয়েছি।

আলমগীর অভিযোগ করে বলেন, তার শ্বশুর ঘটনাটিকে অন্য দিকে নেওয়ার চেষ্টা করছেন।

তাওহিদুন্নেসার বাবা মোস্তাক আহম্মদ বলেন, চার বছর আগে তাওহিদুন্নেসার সঙ্গে আলমগীরের বিয়ে হয়। বিয়ের আগে আলমগীর প্রবাসী ছিলেন। এরপর দেশে থেকে কোথাও যাননি। এমনকি কোনো কাজও করে না। আমার মেয়ে কাপড় সেলাই করে সংসার চলায়।আলমগীর যৌতুকের জন্য প্রায় সময় আমার মেয়েকে মারধর করতো। 

কয়েকদিন আগে ব্যবসা করার জন্য মেয়ের কাছে ৫ লাখ টাকা যৌতুক চায়। কিন্তু আমরা গরীব মানুষ, তাই টাকা দিতে পারিনি। এর জন্য লাঠি দিয়ে আমার মেয়ের হাতে-পায়ে মারধর করেছে। আমার মেয়ের হাত ভেঙে গেছে। মেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে বাঁশখালীতে আমার বাড়িতে আছে। আমি আমার মেয়ের ওপর নির্যাতনের বিচার চাই। এই ঘটনায় মামলা করবেন বলেও জানান তিনি।

যৌতুকের জন্য মারধরের বিষয়টি অস্বীকার করে রাউজানের বাগোয়ান ইউনিয়নের আলমগীর তালুকদার বলেন, যৌতুক আমাদের পরিবার গ্রহণ করে না। বিয়ের সময়ই কোন যৌতুক নেইনি।

আলমগীরের দাবি ঘটনার তিন দিন পর মিথ্যা অভিযোগ সাজানোর জন্য মেডিকেলে ভর্তি করানো হয় স্ত্রীকে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, তাওহিদুন্নেসাকে নির্যাতনের বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম