বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় গৃহবধূর আত্মহত্যা


DhakaReport24.com || 2022-07-01 18:19:45
রাঙ্গুনিয়ায় গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় আরিফা মনি (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। তবে নিহতের পরিবার বলছে তাকে হত্যা করা হয়েছে। মাত্র চার মাস আগে ফার্নিসার মিস্ত্রি মো. নাছির উদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়েছিল বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনার পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে শ্বশুর বাড়ি এলাকায় তার লাশ দাফন করা হয়েছে।

এদিকে নিহত গৃহবধূর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন বলছেন, ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মনি। তবে নিহতের বাবা ও পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৮ মার্চ রাঙ্গুনিয়ার নাছির উদ্দিনের সাথে আরিফা মনির পারিবারিকভাবে বিয়ে হয়। আরিফা রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড তালুকদার বাড়ি এলাকার মনির আহমেদের দ্বিতীয় মেয়ে। বিভিন্ন উপহার ও আসন্ন কোরবানির ঈদে ছাগল দেওয়াকে কেন্দ্র করে মনির সাথে শ্বশুর বাড়ির লোকজনের কথা কাটাকাটি হয়। এরপরে আত্মহত্যা করেছেন তিনি। 

এ বিষয়ে জানতে চাইলে নিহত আরিফার বাবা মনির আহমেদ বলেন, "আমার মেয়ে আত্মহত্যা করেনি। তাকে মেরে ফেলা হয়েছে। যখন আমরা খবর শুনে মেয়েকে দেখতে আসি, তখন তার পিঠে ও ঘাড়ে কালো দাগ দেখতে পাই। বিষয়টি পুলিশকে বলেছি'। 

তবে এ বিষয়ে জানতে চাইলে নিহতের স্বামী মো. নাছির উদ্দিন বলেন, "গত চার-পাঁচদিন আগে আমার শ্বশুর বাড়ির লোকজন আম-কাঠাল নিয়ে আমাদের বাড়িতে এসেছিলেন। তারা যাওয়ার সময় মনির মা কি যেন নিয়ে আমার মাকে গালাগালি করে। আমার স্ত্রীকেও বকাবকি করে। তারপর থেকেই মনি তার বাবার বাড়ির লোকজনের ফোন আসলেও রিসিভ করেন না । তাদের সাথে যোগাযোগও করেন না।'

রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, গৃহবধূর মৃত্যুর সংবাদে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হাস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম