এম ওমর ফারুক আজাদ:
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ ম্যালেরিয়া প্রবণ এলাকাগুলোতে ২২হাজার টেকসই মশারি বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। এনজিও সংস্থা ব্র্যাক এ কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করছে ।
শনিবার (২৫ জুন) দুপুর ১২ টায় উপজেলার ভূজপুরের আছিয়া চা বাগানে ৫শ ৫০টি মশারি বিতরণ করার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে ২২হাজার মশারি বিতরণ করা হবে বলে জানায় উপজেলা স্বাস্থ্য বিভাগ।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাবীল চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার চেয়ারম্যান হুসাইন মো আবু তৈয়ব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি।
এছাড়া এ অনুষ্ঠানে মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেসা মুক্তা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পুরুষ ভাইস চেয়ারম্যান সালামত উল্লাহ শাহীন, মেডিকেল অফিসার ডা. সিফাত উল্লাহ পাটোয়ারী, ডা. মোঃ হাফিজ ।
উল্লেখ্য, দেশের ৬৪ টি জেলার মধ্যে ১৩ টি জেলার ৭২ টি উপজেলায় ম্যালেরিয়ার প্রকোপ বেশি। এর মধ্যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান-এই তিন পার্বত্য জেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত ও মৃত্যুহার সর্বাধিক। এই তিন জেলাকে উচ্চ ম্যালেরিয়া প্রবণ অঞ্চল হিসেবে গণ্য করা হয়। দেশের মোট ম্যালেরিয়া রোগীর ৯৪ শতাংশই পার্বত্য তিন জেলায়।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ সরকারও ম্যালেরিয়া নির্মূলে কাজ করে যাচ্ছে। ম্যালেরিয়া নির্মূলে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং ব্যবহার করছে সরকার। সরকার ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূল লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং লক্ষ্যমাত্রা অর্জনে কাজ চলছে।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম