চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আট অনুষদের ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ মার্চ ২০২২) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান।
এ নির্বাচনে নির্বাচিত হয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদে ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, বিজ্ঞান অনুষদে পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদে একাউন্টিং বিভাগের প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, সমাজ বিজ্ঞান অনুষদে লোকপ্রশাসন বিভাগের প্রফেসর সিরাজ উদ-দৌল্লাহ, আইন অনুষদে আইন বিভাগের প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, জীববিজ্ঞান অনুষদে মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মো. তৌহিদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. রাশেদ মোস্তফা এবং মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদে মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।
নবনির্বাচিত ডিনবৃন্দ বিকেল ৪টায় চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও সহকারী প্রক্টরবৃন্দ, আইন বিভাগের প্রফেসর নির্মল কুমার সাহা, চবি পরিবহন দপ্তরের প্রশাসক জনাব এস এম মোয়াজ্জেম হোসেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত ডিনবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অধিকতর বেগবান করতে নবনির্বাচিত ডিনবৃন্দ তাঁদের মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন আমি আশা করি।
তিনি আরও বলেন, নবনির্বাচিত ডিনবৃন্দ বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অধিকতর গতিশীল করতে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মান-মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখতে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম