সারাদেশে জ্বালানি তেলের মূল্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধি এবং ভোলায় বিএনপি নেতা হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, ফেনীর ছাগলনাইয়া থানার শুভপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালীন সময়ে, সরকার দলীয় নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপির প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
স্থানীয় সূত্র মতে, বৃহস্পতিবার (২৬ আগস্ট) পূর্ব ঘোষণা অনুযায়ী, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ফেনীর ছাগলনাইয়া শুভপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। এ সময় সরকার দলীয় আওয়ামী ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের হামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম সোহাগ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল কালামসহ অন্তত ৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। হামলায় আহত নেতাকর্মীরা ছাগলনাইয়া ও ফেনীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, আমরা আওয়ামী সন্ত্রাসী বাহিনীর ঘৃণ্য বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ ও সদস্য সচিব আলমগীর জানান, ঘৃণ্য হামলা হয়েছে বিএনপির নেতাকর্মীদের ওপর। পূর্ব ঘোষিত সময়ে বিএনপির নেতাকর্মীরা মিছিল করতে এলে অতর্কিত হামলা হয়।
হামলার অভিযোগের বিষয়ে জানার জন্য, শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ সেলিমের ফোনে বার বার কল দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।
শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন,শুভপুরে আমাদের দলীয় শান্তিপূর্ণ প্রোগ্রাম শেষ করে বাড়ি ফেরার পথে, বিএনপির লোকজন আমার হাত ঘড়ি ও মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করে, এতে আমার নেতাকর্মীরাও বিক্ষুব্ধ হয়ে উঠে।
তবে ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল কালাম নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে সমাবেশ পরবর্তী সাংবাদিকদের সাথে কথা বলার সময়, স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী তাদের দিকে ছুটে আসেন।
পাগড়ি ও জুব্বা পরিহিত অবস্থায়, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ কালামসহ আওয়ামীলীগ নেতা কর্মীরা লাঠি দিয়ে, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল কালামসহ বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় বর্তমানে ছাগলনাইয়ায় উত্তেজনা বিরাজ করছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম