লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বৃদ্ধ আমেনা বেগমকে (৫৭) কুপিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে ভস্মীভূত করেছে ছেলে। এ ঘটনায় ছেলে মিলন হোসেনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আশারকোটা গ্রামের ওয়াহেদ আলী পাটওয়ারী বাড়ি থেকে তাকে আটক করা হয়। এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় মানসিক প্রতিবন্ধী ছেলে মর্মান্তিক এ ঘটনা ঘটিয়েছে। মিলন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
মৃত আমেনা বেগম ওই বাড়ির মৃত আকবর হোসেনের স্ত্রী। মিলন তাদের ছোট ছেলে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠিয়ে বৃদ্ধের ছেলেকে আটক করা হয়েছে। শুনেছি সে মানসিকভাবে অসুস্থ। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।