চাঁদপুরে পিকআপভ্যানের চাপায় জমিলা খাতুন (৪৫) নামের এক ইউপি সদস্য নিহত হয়েছে। গতকাল শনিবার (১২ মার্চ) দুপুরে চাঁদপুরের কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের সাজিরপাড়ের ইউনুছ মিয়ার বাড়ি সংলগ্ন সাচারগামী একটি দ্রুতগামী পিকআপভ্যান সিএনজিকে অতিক্রম করতে গিয়ে সিএনজিকে ধাক্কা দিলে সিএনজি দুমড়েমুচড়ে রাস্তার পাশে পড়ে যায়।
ওই সিএনজিতে যাত্রী হিসেবে ছিলেন কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নবনির্বাচিত সদস্য জমিলা খাতুন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত জমিলা খাতুনকে উদ্ধার করে সাচার সেন্টাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে সাচার পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ঘটনাস্থল থেকে সিএনজি ও পিকআপভ্যান জব্দ করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনায় পরপরই পিকআপ ও সিএনজি চালক দু’জনই পালিয়ে যায়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে ও অপমৃত্যু মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদুপর মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।