রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঢাকা

রাজধানীতে বাসায় ঢুকে যুবককে গুলি


DhakaReport24.com || 2026-09-13
রাজধানীতে বাসায় ঢুকে যুবককে গুলি

রাজধানীর বাড্ডায় একটি বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে তার ডান পায়ের হাঁটুর ওপরের অংশে আঘাত লাগে।

রানা পেশায় গাড়িচালক। তার বাড়ি নোয়াখালীর মাইজদী এলাকায়। তিনি বর্তমানে ভাটারা থানার কাজীবাড়ি এলাকায় বসবাস করেন।

আহত রানা জানান, শনিবার দুপুরে উত্তর বাড্ডায় তার ভাই জয়ের বাসায় দাওয়াত খেয়ে একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। তার সঙ্গে ছোট ভাইও ছিলেন। রাত ১০টার দিকে বাসার দরজায় কড়া নাড়ার শব্দ হলে ভেতর থেকে কে জানতে চাওয়া হয়। বাইরে থেকে কোনো উত্তর না পাওয়ায় তাঁর ভাই জয় দরজা খুলে বাইরে যান।

রানার ভাষ্য, এ সময় তামিম নামে এক ব্যক্তি আরও দুজনকে নিয়ে বাসার ভেতরে ঢোকেন। তারা গালিগালাজ করতে করতে তার ডান পায়ে গুলি করেন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

রানা অভিযোগ করেন, বাড্ডার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে তামিম তাঁকে লক্ষ্য করে গুলি চালান।

পরে স্বজনেরা রানাকে উদ্ধার করে রাত প্রায় ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।


রানার স্বজনদের দাবি, তার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠান থেকে তামিম নিয়মিত চাঁদা চাইতেন। রানা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এ হামলা হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। তামিমের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি হত্যা মামলা রয়েছে বলেও স্বজনেরা দাবি করেছেন।


তবে এসব অভিযোগের বিষয়ে তামিমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান জানান, রানা জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম