হত্যা মামলায় আদালতে হাজিরা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদের আদালতে হাজির হন তিনি।
শুনানি শেষে গাড়িতে ওঠার সময় নেতাকর্মীদের ঘেরাওয়ের মধ্যে আইভী বলেন, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা।’ এ সময় উপস্থিত নেতাকর্মীরাও স্লোগান দেন।
সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা রিকশাচালক তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন আইভী। এদিন নিম্ন আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও তাঁর পুনর্জামিনের দিন ধার্য ছিল। শুনানিতে আইভীর আইনজীবী পুনর্জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও আইভীর পুনর্জামিনের দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা বিস্ফোরক আইনে প্রতিবেদন দাখিল করলেও পিপি বিচারকাজ বাধাগ্রস্ত করতে রাজি হয়েছেন। তাঁরা এর আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলে পুনর্জামিনের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেছেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় আইভীর পুনর্জামিনের দিন ধার্য থাকায় তিনি আদালতে এসেছিলেন। আদালতে তিনি কোনো বক্তব্য দেননি। তবে গাড়িতে ওঠার সময় কয়েকজন আইনজীবী স্লোগান দিয়েছিলেন। পরে পুলিশ তাঁদের থামিয়ে দেয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের সামনে গুলিতে রিকশাচালক তুহিন নিহত হন। এ ঘটনায় তুহিনের স্ত্রী আলেয়া আক্তার মিম ওই বছরের ১৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর আসামি এবং আইভীকে ১১ নম্বর আসামি করা হয়। অন্য আসামিদের মধ্যে রয়েছেন গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, নজরুল ইসলাম বাবু, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ৯৯ জন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম