জামালপুর জেলার ইসলামপুর উপজেলাধীন গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত মোঃ বিল্লাল হোসেনের ছোট ছেলে মোঃ তারিকুল ইসলাম তিন বন্ধুসহ ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন। সাঁতার কাটতে কাটতে হঠাৎই পানির নিচে তলিয়ে নিখোঁজ হয়।
চার বন্ধু মিলে গোসল করতে গিয়ে সবাই তীরে উঠে আসলেও কোন খোঁজ মিলছে না তারিকুলের। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিখোঁজকে উদ্ধার করার জন্য অনেকে ডুব ও নৌকা দিয়ে খুঁজতে থাকে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ড্রেজার দিয়ে মাটি কেটে বিক্রির জন্য চোরাবালি ও গর্তের সৃষ্টি হয়েছে আর এর বলি হলো বিধবা মায়ের পুত্র তারিকুল ।
ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিডার মোঃ শহিদুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে জামালপুর হতে দ্রুততম সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা শুরু করি এবং সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় উদ্ধার তৎপরতা আজকের মতো শেষ করে আগামীকাল সকালে আবারও শুরু হবে।
এ সময় মোহাম্মদপুর এর মেম্বার মোঃ গোলাম মোস্তফা বলেন, তারিকুলের উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে এবং পরিবারের প্রতি সকল ধরণের সহায়তার আশ্বাস দেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম