চিত্র নায়িকা দীঘি বলেছেন, সবসময় বাবার জন্য ভোট চেয়েছি, এবার প্রথম তাকে ভোট দিলাম। ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (এফডিসি)নির্বাচনে ভোট দেওয়া শেষে দীঘি এ কথা জানান। এবারই প্রথম ভোটার হয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ভোট দিয়ে ভীষণ উচ্ছ্বসিত দীঘি।
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে চলছে ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ।
সকাল থেকে এফডিসিতে নামে তারকার ঢল। চলচ্চিত্র জগতের নামি দামি তারকারা আসেন তাদের প্রিয় প্রার্থীকে ভোট দিতে।
দীঘি সাংবাদিকদের জানান, নির্বাচনে প্রতিবার বাবার সঙ্গে আসতাম। আর আমি দাঁড়িয়ে থাকতাম এবং ভোট চাইতাম। এবার আমি নিজে ভোটার। নির্বাচনে জয়-পরাজয় থাকবে। বাবার জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
দীঘির বাবা অভিনেতা সুব্রত বরাবরই শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে আসছেন। এ বছর তিনি মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন। বাবার জয় নিয়ে শতভাগ আশাবাদী দীঘি।
তিনি বলেন, ‘বাবাকে আমি কখনও নির্বাচনে হারতে দেখিনি। তিনি সবসময় তার কর্মগুণে জয়ী হয়েছেন।
শুক্রবার সকাল ৯টায় বিএফডিসি প্রাঙ্গনে ভোটগ্রহণ শুরু হয়। এবার সমিতির মোট ভোটার ৪২৮ জন। তবে ভোটাধিকার হারানো সমিতির ১৮৪ জন সদস্য এবার ভোট দিতে পারছেন না। এ ব্যাপারে উচ্চ আদালতে রিট করা হলেও তা এখনো সুরাহা হয়নি।