গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় টেলিভিশন অভিনেতা ও সঞ্চালক অর্জুন বিজলানী। শুক্রবার (৮ মার্চ) পাকস্থলীর ডানপাশে অসম্ভব যন্ত্রণা নিয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
জানা যায়, বেশ কয়েক দিন ধরেই পেটে যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন তিনি। শুক্রবার ব্যথা সহ্যের সীমা ছাড়ায়। সেই সময় শুটিং করছিলেন অর্জুন। সেট থেকেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, অ্যাপেনডিসাইটিস হয়েছে এই অভিনেতার। আগামী রোববার (১০ মার্চ) অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন অর্জুন নিজেই।
হাসপাতালের বিছানা থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে হাতে স্যালাইন লাগানো ছবি শেয়ার করেছেন অর্জুন। তাতে লিখেছেন, ‘যা হয় ভালোর জন্যই হয়।’
এদিকে অর্জুন তার শরীরের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, পাকস্থলীতে অসম্ভব যন্ত্রণা হচ্ছিল। তখনই আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক্স রে করা হয়েছে। রোববার সকাল নয়টায় অস্ত্রোপাচার হতে পারে।
প্রসঙ্গত, হিন্দি টেলিভিশনের একাধিক ধারাবাহিক ও রিয়েলিটি শো’র জনপ্রিয় মুখ অর্জুন বিজলানী। সেই তালিকায় রয়েছে ‘লেফট রাইট লেফট’, ‘মিলে যব হাম তুম’, ‘মেরি আশিকি তুম সে হি’, ‘নাগিন’, ‘পরদেশ মে হে মেরা দিল’ সহ আরও অনেক মেগা ধারাবাহিক।
স্পিল্টসভিলা এক্স ৪-এ সানি লিওনের সঙ্গে সহ সঞ্চালকের ভূমিকাতেও ছিলেন অর্জুন বিজলানী। এছাড়া হিট রিয়েলিটি ‘শো ইন্ডিয়াজ গট ট্যালেন্টের’ সঞ্চালনার দায়িত্বেও ছিলেন অর্জুন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম