দীঘির বিরুদ্ধে মামলা করবেন ঝন্টু
DhakaReport24.com || 2021-03-10 19:22:30
আগামী ১২ মার্চ নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় তার অভিনীত সিনেমা ‘তুমি আছো তুমি নেই’।
সিনেমাটির পোস্টার ও ট্রেলার প্রকাশ হওয়ার পর সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনা হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীঘি সিনেমাটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। এ কারণে দীঘির বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন নির্মাতা ঝন্টু।
ভিডিও সাক্ষাৎকারে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ইউটিউবে দেখলাম, নায়িকা (দীঘি) সিনেমা নিয়ে কয়েকটি কথা বলেছে, যা শুনে আমি মর্মাহত হয়েছি। সে বলেছে, সিনেমাটি সুন্দর না। এর গল্পটি যেন কেমন। সিনেমাটি মনে হয় না ভালো যাবে। বলতে গেলে, সিনেমাটি ভালো না এই ধরনের একটা মন্তব্য করেছে। কিন্তু আমার শুটিং করার সময়, সে আমাকে বলতো- আংকেল কী সুন্দর সংলাপ, সিনেমাটি খুব ভালো যাবে। ডাবিং করতে এসেও একই কথা বলেছে।
এই নির্মাতা বলেন, হঠাৎ করে দু’দিন আগে সে বলে, সিনেমাটি ভালো যাবে না। নিশ্চিত এখানে কিছু ঝামেলা আছে। এ বিষয়টি কী সে নিজে থেকেই বলেছে, নাকি তাকে দিয়ে কেউ বলিয়েছে, আমি বুঝতে পারছি না। দীঘি সিনেমা নিয়ে আজেবাজে সমালোচনা করেছে। এই সাহস সে কোথা থেকে পেল। কেউ হয়তো এই সাহসটা তাকে দিয়েছে। নাহলে ওর মতো ছোট্ট একটা মেয়ে এই সাহস পায় না। আমি মনে করি, তার কথা শুনে অনেক দর্শকরা বিমুখ হয়ে যাবে। সিনেমার নায়িকাই যখন বলছে সিনেমাটি চলবে না। তাহলে দেখে কী করব?
দীঘির বিরুদ্ধে মামলা করার প্রসঙ্গে ঝন্টু বলেন, তাহলে তো ওর জন্য আমার এক কোটি টাকা ক্ষতি হয়ে যাবে। সিনেমাটি বানাতে ৭০-৮০ লাখ টাকা গেছে। আমি ব্যবসা করলে আরো ৩০-৪০ লাখ পেতাম। আমি মনে করি, আমার সিনেমাটি তো চলবে না। আমি তো ওর নামে মানহানি মামলা করব। আজ-কালকের মধ্যে হাইকোর্ট থেকে উকিলের নোটিশ চলে যাবে। আমি তো ওকে ছাড়বো না, যেভাবেই হোক আমি ওকে ছাড়বো না।