শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচন পর্যবেক্ষণে গিয়ে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেন ও তার সমর্থককের হামলায় আহত সাংবাদিক নুর আলম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে শরীয়তপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (৫-জুন) আদালতে মামলাটি দায়ের করেন নুর আলমের আইনজীবী এ্যাডভোকেট কামরুল হাসান।
মামলার আসামিরা হলো, গোসাইরহাট উপজেলা পরিষদের হেলিকপ্টার প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যান মোশাররফ সরদার (৪৫), তার ভাই মোরসেদ সরদার (৬০), মাকসুদ মৃধা (৫০), রতন দেওয়ান (৪৮), ইকবাল সরদার (৪৫), ছোবাহান বেপারী (৫০)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯-মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে শরীয়তপুরের ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালীন সময় গোসাইরহাটের কোদালপুর হাই স্কুল ৩-নং ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন দৈনিক দেশের পত্র ও দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি সাংবাদিক নুর আলম মাদবর।
ঘটনার দিন ও সময় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাসুদ আলম ভোটকেন্দ্রে প্রবেশ করলে উত্তেজিত হয়ে উঠে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মোশাররফসহ তার সমর্থকেরা। উত্তেজিত সমর্থকেরা ভোটকেন্দ্রের মধ্যেই লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মোহরা দেয়৷ ঘটনা সংঘর্ষের রুপ নিলে ভিডিও ধারণ করতে যান সাংবাদিক নুর আলমসহ উপস্থিত কয়েকজন সংবাদকর্মী। এতেই ক্ষিপ্ত হয়ে হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন ও তার সমর্থকেরা সাংবাদিক নুর আলমকে মারধর করে। এসময় সাংবাদিকের কাছ থেকে মোবাইল, ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় চেয়ারম্যান ও তার সমর্থকেরা।
ঘটনার সময় সাংবাদিক নুর আলমকে উদ্ধার করতে এগিয়ে এলে দৈনিক গণকন্ঠ ও ঢাকা রিপোর্ট২৪ এর শরীয়তপুর প্রতিনিধি রেদওয়ান বিন কবির সহ আরো অনেকেই এসময় আহত হয়েছে।